জাহানারাদের চোখেও বড় স্বপ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে মাশরাফি-সাকিবরা উড়াল দিয়েছিলেন গত পরশু। জাহানারা-সালমারা গেলেন কাল। ছেলেদের মতো মেয়েদের চোখেও স্বপ্নের মায়াঞ্জন, দারুণ কিছু করতে চান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
বিশ্বকাপ সামনে রেখে জানুয়ারি থেকেই শুরু হয়েছিল মেয়েদের প্রস্তুতি। দীর্ঘ প্রস্তুতি শেষে এখন সময় এসেছে নিজেদের প্রমাণ করার। ভারতে উড়াল দেওয়ার আগে শাহজালাল বিমানবন্দরে অধিনায়ক জাহানারা আলম সংবাদমাধ্যমকে আশার কথা শোনালেন, ‘আমাদের প্রস্তুতি অনেক ভালো হয়েছে। দারুণ সুযোগ-সুবিধা পেয়েছি। এখন নিজেদের প্রমাণ করার অপেক্ষা।’
বিশ্বকাপের মূল পর্বে খেলার আগে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মেয়েরা খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। প্রথমটি আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে। পরেরটি ১২ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে। এই দুই দলের বিপক্ষেই সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতেছিলেন সালমারা। শ্রীলঙ্কা-আয়ারল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসটাও শাণিয়ে নেওয়ার দারুণ সুযোগ মেয়েদের সামনে।
এবার কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে স্বাগতিক ভারত তো আছেই, মেয়েদের ক্রিকেটে দুই শক্তিশালী দল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজও এই গ্রুপে। আছে উপমহাদেশের আরেক শক্তিশালী দল পাকিস্তান। গ্রুপ যত কঠিনই হোক; জাহানারা আত্মবিশ্বাসী, ‘জয়ের জন্যই প্রতিটি ম্যাচ খেলতে নামব আমরা। এই গ্রুপে পাকিস্তানকে এগিয়ে রাখছি। তবে আপাতত আমরা ম্যাচ ধরে এগোব।’
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপটা জাহানারাদের কাছে ছিল অন্য রকম। বাংলাদেশ মহিলা ক্রিকেট দল প্রথম ২০ ওভারের বিশ্বকাপে অংশ নিল, তাও আবার ঘরের মাঠে। এবার অবশ্য বাছাই খেলে ক্রিকেটের ছোট দৈর্ঘ্যের বিশ্বকাপে অংশ নিতে হচ্ছে তাদের। বেঙ্গালুরুতে ১৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের বিশ্বকাপ অভিযান। একই মাঠে ১৭ মার্চ তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ২০ মার্চ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে জাহানারাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ২৪ মার্চ গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ দিল্লির ফিরোজ শাহ কোটলায়, পাকিস্তানের বিপক্ষে।
গ্রুপ পর্ব পেরোলেই সেমিফাইনাল। শেষ চারে উঠতে হলে কঠিন পথই পাড়ি দিতে হবে মেয়েদের। বাংলাদেশের মেয়েরা তা পারবে কি না, সময় বলে দেবে। তবে মাশরাফিদের মতো জাহানারা-সালমাদের সাফল্য দেখতে অধীর আগ্রহে তাকিয়ে থাকবে দেশবাসী। কারণ, তাদের জার্সির রংও লাল-সবুজ, দলটার নাম ‘বাংলাদেশ’।