জায়েদের উল্লাস, ফজলের আক্ষেপ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তৃতীয় রাউন্ড শেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল এবারের জাতীয় ক্রিকেট লিগ। ৭০ দিনের বিরতির পর কাল আবার মাঠে গড়িয়েছে দেশের শীর্ষ প্রথম শ্রেণির টুর্নামেন্ট। কিন্তু কাল প্রথম দিনে কোনো মাঠেই পুরো ৯০ ওভার খেলা হতে পারেনি। দায়টা সেই আবহাওয়ারই।
কুয়াশা ও আলোকস্বল্পতায় দেরিতে শুরু ও আগেভাগেই শেষ হওয়া দিনে সেরা পারফরমার আবু জায়েদ ও ফজলে রাব্বী। সিলেটের পেসার জায়েদ ৪৮ রানে নিয়েছেন ৬ উইকেট। বগুড়ায় তাঁর দল রাজশাহীকে অলআউট করেছে ২০৪ রানে। এরপর ৪৩ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে সিলেট। বিকেএসপিতে ৯৫ রান করেছেন বরিশালের ফজলে। তাঁর দল অবশ্য স্বস্তিতে নেই, অলআউট মাত্র ১৭১ রানে। বিকেএসপিতে বরিশাল-খুলনা ম্যাচে উইকেট পড়েছে ১১টি, ফতুল্লায় দুই ঢাকার ম্যাচে ১২টি। ব্যতিক্রম সিলেটে চট্টগ্রাম-রংপুর ম্যাচ। ৭৬ ওভারেই ৭ উইকেট হারিয়ে ৩১৫ রান তুলে ফেলেছে রংপুর।
অবশ্য রংপুরও পথ হারিয়েছিল। ১ উইকেটে ১২০ থেকে ৬ উইকেটে ১৯০ হয়ে গিয়েছিল তাদের স্কোর। সপ্তম উইকেটে আরিফুল হক ও সোহরাওয়ার্দী শুভ ১১২ রান যোগ করেই স্কোরটাকে তিন শর ওপরে নিয়ে যান। আরিফুল ৭৪ বলে ৫২ রানে আউট হয়েছেন, তবে সোহরাওয়ার্দী দিন শেষে অপরাজিত ৬২ রানে। ইনিংসের সর্বোচ্চ রান অবশ্য ওপেনার লিটন দাসের। ৯০ বলে ১৩ চারে লিটন করেছেন ৭৩।
বগুড়ায় ম্যাচের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট পেয়েছেন জায়েদ। রাজশাহীর ওপেনার মাইশুকুর বোল্ড হয়েছেন শূন্য রানে। এরপর জাতীয় দলের বাইরে থাকা দুই ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক ও জহুরুল ইসলামকে ফেরানো জায়েদ ছেঁটেছেন রাজশাহীর লেজও। প্রথম শ্রেণির ক্যারিয়ারে জায়েদ দ্বিতীয়বারের মতো ৬ উইকেট পেলেন।
ফতুল্লায় স্কোরটাকে ১৬৬ রানে স্থির রেখেই আউট ঢাকা মহানগরের শেষ চার ব্যাটসম্যান। ষষ্ঠ উইকেটটাও পড়েছিল ১৫৯ রানে। পেসার মোহাম্মদ শরীফ (৪/৩৫) ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু (৩/৪৬) মিলেই চালিয়েছেন ধ্বংসযজ্ঞ। মহানগরের ওপেনার সাদমান ইসলাম করেছেন সর্বোচ্চ ৪৭। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুল করেছেন ৩৯। স্বস্তিতে নেই ঢাকা বিভাগও। ১৯ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়েছে দলটি।
বিকেএসপিতে বরিশালের হয়ে একাই লড়েছেন ফজলে রাব্বী। ৯ রানে প্রথম উইকেট হারানোর পর উইকেটে আসা বরিশাল অধিনায়ক ফিরেছেন ১৫৮ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে। পাওনা হয়ে যাওয়া সেঞ্চুরিটা মাত্র ৫ রানের জন্যই পাননি ফজলে। ৬৮ রানে প্রথম ৬ উইকেট হারানোর পর শাহীন হোসেন ও সালেহ আহমেদকে নিয়ে রানটা ভদ্রস্থ করেছেন তিনি।
বরিশালকে ১৭১ রানে অলআউট করার পর ১ উইকেট হারিয়েই ১০১ রান তুলে ফেলেছে খুলনা।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা বিভাগ-ঢাকা মহানগর, ফতুল্লা : ঢাকা মহানগর ১ম ইনিংস: ৭৭.১ ওভারে ১৬৬ (সাদমান ৪৭, আশরাফুল ৩৯; শরীফ ৪/৩৫, অপু ৩/৪৬)। ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৬.২ ওভারে ১৯/২ (মিনহাজ ৮*; সৈকত ১/৫)।
বরিশাল-খুলনা, বিকেএসপি : বরিশাল ১ম ইনিংস: ৬০.৪ ওভারে ১৭১ (ফজলে ৯৫, শাহীন ১৮; জিয়া ৩/২৯, আশিক ৩/৩৩, বিশ্বনাথ ২/২৮, আল আমিন ২/৪০)। খুলনা ১ম ইনিংস: ২০ ওভারে ১০১/১ (মেহেদী ৫৫*, হাসানুজ্জামান ২৩; সালমান ১/২৪)।
রাজশাহী-সিলেট, বগুড়া : রাজশাহী ১ম ইনিংস: ৬৫.৫ ওভারে ২০৪ (ফরহাদ হোসেন ৩৫, মিজানুর ৩২, মুক্তার ২৯, জুনায়েদ ২৬; জায়েদ ৬/৪৮)। সিলেট ১ম ইনিংস: ১৫ ওভারে ৪৩/২ (সায়েম ৩০*; ফরহাদ রেজা ২/২৬)।
চট্টগ্রাম-রংপুর, সিলেট : রংপুর ১ম ইনিংস: ৭৬ ওভারে ৩১৫/৭ (লিটন ৭৩, সোহরাওয়ার্দী ৬২*, আরিফুল ৫২, নাসির ৩০; হোসেন ৩/৬৪, সাইফউদ্দিন ২/৬৮)।