জায়েদের বোলিংয়ে জয়রথে খুলনা

দিনের শুরুতে কিন্তু অন্য কিছুরই ইঙ্গিত দিয়েছিল। টসে হেরে ব্যাট করতে নেমে দ্রুতই ৩ উইকেট হারিয়ে ফেলা খুলনা টাইটানস তখন মান বাঁচানোর পথ খুঁজছে। মাহমুদউল্লাহ আর রাইলি রুশোর মতো দুই অভিজ্ঞ ব্যাটসম্যান কিছুটা লড়লেও সেটি যথেষ্ট ছিল না। কিন্তু সেই খুলনাই শেষ অবধি আরিফুল হক আর কার্লোস ব্রাফেটের ব্যাটে বড় সংগ্রহ দাঁড় করালো! ১৭০ রান স্কোর বোর্ডে নিয়ে চিটাগংয়ের মোটামুটি শক্তিশালী ব্যাটিং লাইনআপ থমকে গেল আবু জায়েদ নামের এক তরুণ পেসারের সামনে। তাঁর ক্যারিয়ার-সেরা বোলিংয়ে শুরুতেই পথ হারানো চিটাগং শেষ পর্যন্ত রানের ব্যবধানটাই কমাতে পেরেছে। সব মিলিয়ে ১৮ রানের দারুণ এক জয় খুলনার। টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে তারা।
সানজামুল ইসলামের জোড়া উইকেটে স্বপ্ন দেখছিল চিটাগং ভাইকিংস। ধুঁকতে থাকা দলকে পথ দেখিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। আগের ম্যাচেও রান পেয়েছিলেন খুলনা অধিনায়ক। আজ ৩৩ বলে তাঁর ৪০ রানে ভর করে প্রাথমিক বিপর্যয় সামলেছে খুলনা। তাঁকে সঙ্গ দিয়েছেন রাইলি রুশো। ১৬ তম ওভারে যখন মাহমুদউল্লাহ ফিরে যাচ্ছেন তখন বোর্ডে রান উঠেছে মোটে ১০৩। কিন্তু এরপরই কার্লোস ব্রাফেট আর আরিফুল হকের ৫৩ রানের ঝোড়ো জুটিতে শেষ পর্যন্ত ১৭০ রান ওঠে। ২৫ বলে ৪০ রান করে ইনিংসের শেষ বলে আউট হয়েছেন আরিফুল। ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।
জবাবে চিটাগংয়ের শুরুটাও জমেনি। পাওয়ার প্লেতে তাঁরা হারিয়েছে ৪ উইকেট। সিকান্দার রাজা আর অধিনায়ক মিসবাহ উল হকের ৫৯ রানের জুটিতে তাও ম্যাচে ছিল ভাইকিংস। ১০৭ রানের সময় মিসবাহর আউটেই কার্যত ম্যাচ শেষ হয়ে যায়। ৩০ রান করতে যে চিটাগং অধিনায়ক খেলেছেন ৩৭ বল! চিটাগংকে হারিয়ে দেওয়া এই ইনিংসের ইতি টেনেছেন ম্যাচসেরা খেলোয়াড় আবু জায়েদ চৌধুরী। ক্যারিয়ার সেরা বোলিং করে ৩৫ রানে ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার।
দিনের পরবর্তী খেলায় রাজশাহী কিংসের মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।