জিততে মরিয়া ইংল্যান্ড

‘কী খবর জস!’—জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফেরার সময় ইংলিশ অধিনায়কের কাছে কুশল জানতে চাইলেন বাংলাদেশের এক সাংবাদিক। জস বাটলার মিষ্টি হাসিতে জানালেন, সব ঠিক আছে। মুখ দেখে অবশ্য তাঁর মনের খবর জানার উপায় নেই। তবে মিরপুরের ওই ঘটনার পর তিনি জয়ের জন্য যে মরিয়া, তাঁর সতীর্থ মঈন আলী জানিয়েছেন সংবাদ সম্মেলনেই।
ঘটনা বলতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে বাটলার-বেন স্টোকসের ‘ঠোকাঠুকি’; পরে মাশরাফি বিন মুর্তজা-সাব্বির রহমানের জরিমানা ও বাটলারকে সতর্কবার্তা। জয়-পরাজয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এসবই। ফাইনালে রূপ নেওয়া আজকের ম্যাচে ওই ঘটনাটা ভালোই প্রভাব ফেলবে বলে মনে করেন মঈন, ‘আমার মনে হয়, এটি দুই দলকেই আরও তাতিয়ে দেবে। বাংলাদেশ দেশের মাটিতে টানা ছয়টা সিরিজ হারেনি। আমরা তাদের অবশ্যই হারাতে চাই। আমাদের কয়েকজন খেলোয়াড় বিশেষ করে আমাদের অধিনায়ক ম্যাচটা জিততে মরিয়া।’
তবে লড়াইটা শুধু ব্যাটে-বলে সীমাবদ্ধ থাকবে, এটাই আশা ইংলিশ অলরাউন্ডারের, ‘বাংলাদেশের দিক থেকে যদি দেখি, গুরুত্বপূর্ণ একটা উইকেট নিয়ে তারা উদ্যাপন করছিল। কখনো কখনো এভাবে উদ্যাপন করাই যায়, তবে প্রতিপক্ষকে সম্মান জানানোর কথাটাও খেয়াল রাখতে হয়। অবশ্য ম্যাচের আগে ও পরে অনেক কিছু ঘটতে পারে। খেলার নিয়ম মেনে আশা করি সামনের ম্যাচে দুই দলের সবাই ভালো আচরণ করবে। পেছনে ফিরে তাকিয়ে যাতে আমরা বলতে পারি অসাধারণ এক সিরিজ ছিল এটি।’
সিরিজ নির্ধারণী ম্যাচের আগে মঈনের কণ্ঠে শোনা গেল শান্তির বার্তাও, ‘ম্যাচে কয়েকজন খেলোয়াড় খুব উত্তেজিত হয়ে পড়েছিল। যেকোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় এমনটা হতে পারে। আমাদের দলে কয়েকজন খেলোয়াড় আছে যারা এমন উত্তেজিত হয়ে পড়ে, ওদেরও তাই। বিষয়টা ছিল এ রকমই। এখন এটা পেছনে চলে গেছে। আমাদের মনোযোগ শুধু খেলাতেই।’
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বাংলাদেশের কাছে সব সময়ই ‘পয়া’ ভেন্যু। এই মাঠে ১৬ ওয়ানডের ১০টিতেই জিতেছে তারা। ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামেই ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। মঈন সব জেনেই বলছেন, তাঁরাও প্রস্তুত দারুণ কিছু করতে, ‘দেশের যেকোনো মাঠেই ভালো বাংলাদেশ। আমাদের বড় স্কোর করতে হবে। এটা আমাদের জন্য কঠিন ম্যাচ হবে, সেটা জানি। তবে আমাদের এখনো সেরাটা দেওয়ার বাকি।’