জিততে যাচ্ছে বৃষ্টিই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পরস্পরের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু চট্টগ্রাম টেস্টকে শুরুর আগে থেকেই আরেকটি প্রতিপক্ষ নীরবে অনুসরণ করছিল—বৃষ্টি! প্রথম দিন বৃষ্টি একেবারেই পেরে ওঠেনি। দ্বিতীয় ও তৃতীয় দিন শেষবেলায় একটু করে হানা দিয়ে কেড়ে নিল ২৫-২৫ মিলিয়ে ৫০ ওভারের খেলা। কাল চতুর্থ দিনে একেবারেই বৃষ্টির জয়জয়কার। একটি বলও গড়াতে পারল না মাঠে!
ক্রিকেট বল কি, বেলা সাড়ে তিনটায় এই বৃষ্টি-বিষয়ক প্রতিবেদনটি লেখার সময় মাঠে গড়াতে পারত শুধু কৈশোর চপলতার ফুটবল। রাতটা ভোরই হয়েছে বৃষ্টি মাথায়। বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি...। পিচ ঢেকে রাখা কভারে বৃষ্টির সাদা আবরণ, ঘাসগুলো ডুবে আছে বৃষ্টিতে। দূরের গাছগাছালির মধ্যে বৃষ্টি ঝরছে ঘন কুয়াশার মতো। চরাচর ভেসে যাচ্ছে শ্রাবণধারায়।
অন্যান্য দিনে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নিরাপত্তা প্রহরীরা সবাইকে আটকে দিত প্রবেশ দুয়ার থেকে কয়েক শ গজ দূরে। কাল প্রবেশ দুয়ারেই কেউ নেই। কার বাবা দায় ঠেকেছে দায়িত্বের পরাকাষ্ঠা দেখিয়ে বৃষ্টিতে ভেজার! সকাল ১০টায় একটা সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের দেখা গেল অলস আড্ডায়, কারও কারও চোখ ঘুমে ঢুলুঢুলু। প্রায় ১১টা নাগাদ পুরো সাংবাদিক গোষ্ঠী অবশ্য প্রেসবক্সে উপস্থিত। অলস আড্ডার সেই মুহূর্তগুলো কোনো কোনো টিভি চ্যানেলে সম্প্রচারও হয়ে গেল। দুই ক্রিকেট দলের কোনোটিই তখনো বেরোয়নি হোটেল থেকে।
বেলা দেড়টায় এল অমোঘ সেই ঘোষণা—চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত।
বাইরের জীবনযাত্রা থমকে দেওয়া এমন বাদল দিনে বিছানায় অলস শুয়ে রহস্যোপন্যাসের পাতায় ডুব দেওয়া যায়। কম্বলের ওমে সুখনিদ্রা দেওয়া যায়। ক্রিকেটারদের চোখও হয়তো জড়িয়ে ধরছে ঘুমের আবেশে। তবে সেই আবেশটা হঠাৎ হঠাৎ টুটে যায় ক্রিকেটটা মনে পড়লেই। বাংলাদেশ দলের ১০ জন খেলোয়াড়ই তাই ১২টার দিকে চলে এলেন মাঠে। লড়াইয়ের ময়দানটায় একবার চোখ বুলিয়ে নিতে।
চট্টগ্রাম টেস্টটা কি রোমাঞ্চকর জায়গাতেই না পৌঁছে গিয়েছিল! তৃতীয় দিনের খেলার অকালমৃত্যুর আগে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটেই বাংলাদেশের লিডটা কমিয়ে এনেছিল মাত্র ১৭ রানে। কাল হয়তো প্রতিপক্ষের সামনে ‘হারো কিংবা জেতো’ গোছের একটা লক্ষ্য বেঁধে দিত। আর আজ শেষ দিনে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাইত নতুন ক্রিকেট বিপ্লবে উদ্ভাসিত বাংলাদেশ দল। সেটি আর হলো কই! চার দিন শেষ, তৃতীয় ইনিংসটি মাত্র শুরু হয়েছিল। আজ এক ফোঁটা বৃষ্টিও পড়বে না, দুটি ইনিংসই শেষ হবে—এমনটা ভাবতে পারেন শুধু অন্য গ্রহের মানুষ। বাস্তবতা এমন যে পঞ্চম দিনটিও বৃষ্টির পেটে যাওয়ার আশঙ্কাই প্রবল।
ফতুল্লায় সর্বশেষ টেস্টটিতে বাংলাদেশের কাছে বৃষ্টি ছিল আশীর্বাদ। এই টেস্টে সে হয়তো ভগ্নদূত, এসেছে বাংলাদেশের একটি উজ্জ্বল সম্ভাবনার অপমৃত্যুর ঘোষণা নিয়ে। সেই সম্ভাবনা আসলেই বাস্তবে রূপ নিত কি না, এ নিয়ে কেউ প্রশ্ন তুলতেই পারেন। তবে একটি রোমাঞ্চকর ক্রিকেট লড়াইয়ের অকালমৃত্যু যে হলো, এটি তো সব প্রশ্নের ঊর্ধ্বে।