জিততে রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে। কাল হেডিংলি টেস্টের চতুর্থ দিনের দুপুরে নিউজিল্যান্ড যখন দ্বিতীয় ইনিংস ঘোষণা করল, লিড হয়ে গেছে ৪৫৪ রানের। জিততে হলে টেস্টের চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের আগের রেকর্ডটা ভেঙে ইংল্যান্ডকে বেশি করতে হবে আরও ৩৭ রান।
ইংল্যান্ড কি পারবে? নাকি ইংলিশদের ১০ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ড ধরে রাখবে গত দুই বছরে কোনো সিরিজ না হারার ধারা? তবে সব উত্তেজনাতেই জল ঢেলে দিতে পারে বৃষ্টি। কাল লিডসের আকাশ যে কেঁদে চলেছে বিরামহীন। ৪৫৫ রানের লক্ষ্যে ব্যাট করা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান তোলার পরই থেকেই বন্ধ হয়ে গিয়েছিল খেলা। এরপর বৃষ্টি আর শুরু হতে দেয়নি।
এর আগে ইংলিশ বোলারদের বেধড়ক পিটিয়েই রানের পাহাড়ে চড়ে নিউজিল্যান্ড। ১৬ ওভারে ১১৮ রান, চতুর্থ দিনের সকালে নিউজিল্যান্ডের লেজের ব্যাটিং চাবুক হয়েই এসেছে ইংল্যান্ডের জন্য। ঠিক ১০০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বিজে ওয়াটলিং আরও ২০ রান যোগ করে আউট হলেও শেষ পর্যন্ত ৫৮ রানে অপরাজিত ছিলেন সঙ্গী মার্ক ক্রেগ। ওয়াটলিংয়ের আউটের পরই মূল ঝড়ের শুরু। ৯ নম্বর ব্যাটসম্যান টিম সাউদি ২৪ বলে করেছেন ৪০ রান। ১০ নম্বর ব্যাটসম্যান ম্যাট হেনরি ৪ বল খেলে ২ ছয়েই করেন ১২ রান। শেষ ৭ ওভারে ৭৭ রান তুলেছেন কিউই ব্যাটসম্যানরা। স্টার স্পোর্টস ও ক্রিকইনফো।