>

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডে গিয়ে জিতলেই শুধু ক্রিকেট-বিশ্ব চোখ তুলে দেখবে। এটা হবে বিশাল একটা উত্তরণ
জিম্বাবুয়ের পর পাকিস্তানকে ধবলধোলাই, এবার সিরিজ জিতেছে ভারতের সঙ্গেও। বাংলাদেশ দল স্বপ্নের একটা সময়ই কাটাচ্ছে। তবে সাবেক ইংলিশ অধিনায়ক জিওফ বয়কট এখনো মনে করছেন, ক্রিকেট-বিশ্বে ঝড় তোলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ! বয়কটের কথা, সে জন্য দেশের বাইরে বিশেষ করে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডে গিয়ে টেস্ট জিততে হবে।
বয়কট বাংলাদেশের ক্রিকেটের কড়া সমালোচক অনেক আগে থেকেই। এবার ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে গত পরশু বললেন, ‘তারা আগের মতো আর ছোট দল নেই। এক বা দুটি ভালো পারফরম্যান্সও আছে, কিন্তু আমার মনে হয় একটু বেশিই হয়ে যাচ্ছে। ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কাকে মাঝেমধ্যে হারানো ক্রিকেট-বিশ্বে ঝড় তোলার মতো যথেষ্ট নয়। দুঃখিত, আমি বাংলাদেশ নিয়ে উত্তেজনায় জল ঢেলে দিতে চাই না, কিন্তু ওদের সব বলার মতো অর্জনই দেশে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডে গিয়ে জিতলেই শুধু ক্রিকেট-বিশ্ব চোখ তুলে দেখবে। এটা হবে বিশাল একটা উত্তরণ।’
বয়কট মানলেন, বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের জয়টা দেশের বাইরেই ছিল, ‘আমি মানছি, ইংল্যান্ডকে অ্যাডিলেডে হারানো ছিল তাদের সেরা পারফরম্যান্সেরগুলোর একটি। ওরা দুর্দান্ত খেলেছে সেদিন। কিন্তু হঠাৎ করে এক-দুটি পারফরম্যান্স নিয়ে পড়ে থাকলে আসলে চলবে না। বিদেশে বড় দলগুলোর সঙ্গে টেস্ট জেতা দরকার। আগেই বলেছি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের টেস্ট দল অনেক ভালো। এটা তাদের করতেই হবে।’
বয়কটের দাবি, বাংলাদেশ শুরু থেকেই আইসিসির কাছ থেকে বড় আর্থিক পৃষ্ঠপোষকতা পেয়েছে, ‘ক্রিকেটপ্রেমীরা চায় বাংলাদেশ আজ ভালো করুক। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাকে মানতেই হবে বাংলাদেশের পেছনে আইসিসি কম টাকা ঢালেনি। সত্যি বলতে, বাকি ক্রিকেট-বিশ্ব তাদের কাছ থেকে আরও বেশি কিছু চায়।’
বাংলাদেশের ক্রিকেটপাগল লোক অনেক। তবে বয়কটের ধারণা, বড় দলগুলোর কাতারে আসতে সময় লাগবে লাল-সবুজের দলের। এটা সব সময়ই হয়েছে। তাঁর কথা, ‘ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, দেশভাগের পর ভারত বা পাকিস্তানও শুরুর দিকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার পাশে দাঁড়াতে পারেনি। এখন পেরেছে। কিন্তু এসব দেশের কোনোটিই বাংলাদেশের মতো এত আর্থিক সাহায্য পায়নি আইসিসির কাছ থেকে।’ ক্রিকইনফো।