জিততেই দক্ষিণ আফ্রিকায় যাবেন তামিম

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে কাজ শুরু করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদকর্মীদের তামিম জানালেন এই সফরে লক্ষ্যের কথা। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল।

তামিম বলেছেন, ‘দেখুন, ওয়ানডে ক্রিকেটে আমরা এমন একপর্যায়ে আছি, জেতা ছাড়া অন্য কিছু বলাটা আমার উচিত হবে না। অবশ্যই জেতার লক্ষ্য নিয়েই আমরা যাব। আবার এটাও সত্য, কাজটা কঠিন। ওখানে আমাদের রেকর্ডও তেমন ভালো না। কিন্তু রেকর্ড বিষয়টাই এমন, যেকোনো মুহূর্তেই তা পাল্টে যেতে পারে। এটার দারুণ উদাহরণ ছিল, নিউজিল্যান্ডে টেস্ট, যেখানে আমরা কোনো সংস্করণে ভালো খেললেও তা পাল্টাতে পেরেছি।’

বাংলাদেশ ক্রিকেটে এক সময় অলিখিত প্রথা ছিল, বিদেশ সফরে যাওয়ার আগে ‘ভালো ক্রিকেট খেলতে চাই’ বলে যাওয়া। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও ‘ভালো ক্রিকেট খেলতে চাই’ কথাটা চালিয়ে গেছেন অনেকে।

তামিম এই প্রথা পাল্টে বললেন, ‘এটা না যে আমি কখনো বলে যাব, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই—১০ বছর আগে হয়তো যেটা বলতাম। না, আমি অবশ্যই জিততে চাই ওখানে। সে জন্য যা যা করার দরকার করব। এরপর ফল পক্ষে এলে খুব ভালো, না হলে আমরা আরও কঠোর পরিশ্রম করব।’

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করতে পারেননি তামিম
ছবি: প্রথম আলো

২০০২ সাল থেকে দক্ষিণ আফ্রিকা গিয়ে এ পর্যন্ত ৬ টেস্ট, ৯ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতেও সব সংস্করণ মিলিয়ে জয়খরায় ছিল বাংলাদেশ। কিন্তু সবশেষ সফরে মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে সেখানে প্রথম জয় তুলে নেয় দল।

দক্ষিণ আফ্রিকার মাটিতে যেহেতু এখনো জয় মেলেনি, তাই দলের মধ্যে জেতার আত্মবিশ্বাস কতটা সঞ্চার করা হয়েছে—এ প্রশ্নের জবাবে তামিম বলেছেন, ‘জিততে পারে, এটা কিন্তু আমরা বিভিন্ন সংস্করণে প্রমাণ করছি। নিউজিল্যান্ডের কথাই ধরুন, ৩০-৩২টা ম্যাচ আমরা জিততে পারিনি। কিন্তু ওই দলটা কিন্তু এটা পাল্টেছে। আশা করি, এই দলটাও (দক্ষিণ আফ্রিকায়) তা পাল্টাতে পারবে। আমি আমার দল নিয়ে একটা বিষয় বলতে পারি, সবাই বিশ্বাস করে আমরা ভালো করতে পারব।’

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে শতক তুলে নেন তামিম। এরপর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সব মিলিয়ে করেন ৩১ রান। এ নিয়ে সমালোচনা কম হয়নি। মাত্র তিন ম্যাচে রান না পাওয়ায় সমালোচনা খেলোয়াড়দের মানসিকতায় কতটুকু চাপ বিস্তার করে?

সিডন্সের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ শুরু করেছেন তামিম
ফাইল ছবি: প্রথম আলো

এই প্রশ্নের উত্তরে তামিম বলেছেন, ‘নিজের পারফরম্যান্স ও ব্যাটিং নিয়ে আমি গর্ব করি। যখন রান করি না, তখন খারাপ লাগে। মানুষ কী বলছে না বলছে...এটা তো আলোচনা হবেই। এত দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে একটা জিনিস শিখেছি, এমন সিরিজ আসবে, যেখানে আপনি ভালো খেলবেন না। আবার দেখবেন, টানা তিনটা সিরিজ ভালো খেলছে...আমি সব সময় একটা কথা বলি, কেউ যদি তিন-চার-পাঁচ ইনিংসে রান না করে, সে ফর্মের বাইরে চলে যায় না। আবার কেউ যদি ১০ ইনিংস পর এক ইনিংসে ভালো করে, সে কিন্তু ফর্মে এসে যায় না। আমি জানি, নিজের সময় এলে রান করবই।’

তামিম জানালেন, একসময় বাজে পারফর্ম করলে তিনি নিজেকে প্রমাণ করতে চাইতেন। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন খেলার পর বুঝতে পেরেছেন, ‘এটা ভুল মানসিকতা। আমি রান না করলে যেমন ভাবি না, তেমনি দলের কেউ রান না পেলেও দুশ্চিন্তা করি না। আমি জানি, যখন সময় আসবে রান করবে।’

নিউজিল্যান্ড সফরে ছিলেন না তামিম ইকবাল। সেই সফরের বেশ কয়েকজন দক্ষিণ আফ্রিকা সফরে আছেন। তামিম জানালেন, দলের আত্মবিশ্বাস বাড়াতে তিনি নিউজিল্যান্ড সফরে থাকা খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন, ‘তাদের জিজ্ঞেস করব, ঘুরে দাঁড়াতে চিন্তার জায়গাটা কী ছিল। শুধু আমাকেই যে কথা বলতে হবে, তা নয়; সবাই কথা বলতে পারে, নিজেদের ভাবনাটা ভাগ করে নিতে পারে।’

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাজে ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তায় আছেন তামিম। আশার কথা শুনিয়েছেন তিনি
ফাইল ছবি: প্রথম আলো

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলোয়াড়দের ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তায় আছেন তামিম, ‘দল হিসেবে আমরা ব্যাটিংয়ে হয়তো ভালো করতে পারিনি; কিন্তু ব্যাটিং নিয়ে আমি অতটা ভাবছি না। ফিল্ডিং নিয়ে অবশ্যই ভাবনায় আছি। যেকোনো সংস্করণে ভালো করতে হলে ফিল্ডিংয়ে ভালো করতেই হবে। ফিল্ডিংটা আমাদের একটু সমস্যায় ফেলছে। এটার সমাধান করতে হবে। রাজিন ভাই এই সিরিজে ফিল্ডিং কোচ। তিনি দারুণ কাজ করছেন।’

দলের ব্যাটিংয়ে ৫ ও ৭ নম্বর পজিশন নিয়েও কথা বলেছেন তামিম। এ দুটি পজিশন নিয়ে কোনো দুশ্চিন্তা আছে কি না—এ প্রশ্নের উত্তরে তামিম বলেছেন, ‘সাত নম্বর নিয়ে আমরা কমবেশি সন্তুষ্ট। আফিফ সাতে ব্যাট করছে, সে ভালো করছে। পাঁচে আমরা মাত্রই একজনকে সুযোগ দিয়েছি। কেবল দুটি ইনিংস খেলেছে। তাকে আরও পাঁচ-ছয়টি ইনিংস দিয়ে দেখি কী হয়, তারপর ভাবা যাবে। তবে আমি মনে করি ইয়াসির রাব্বি যোগ্য হিসেবেই সুযোগ পেয়েছে।’

ইয়াসির রাব্বির ওপর আস্থা রাখছেন তামিম
ফাইল ছবি: প্রথম আলো

তামিম জানালেন, দুই দিন ধরে তিনি সিডন্সের সঙ্গে কাজ করছেন ব্যাটিং নিয়ে, ‘এ জন্যই এখানে (শেরেবাংলা স্টেডিয়ামে) এসেছি। দুই দিন ধরে কাজ করছি তাঁর সঙ্গে। তিনি খুব সৎ মানুষ এবং খেলাটা খুব ভালো বোঝেন।’

১৮ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। ৩০ মার্চ শুরু হবে প্রথম টেস্ট।