জিতল দুই দলই

ওভাল টেস্টে আনন্দের উপলক্ষ খুঁজে পেল দুই দলই। চতুর্থ দিনেই ইনিংস ও ৪৬ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে শেষটা ভালো করল অস্ট্রেলিয়া। তবে আগের টেস্টে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় হাসিমুখেই মাঠ ছাড়ল ইংলিশরাও।
এ সিরিজটা স্মরণীয় হয়ে রইল মাইকেল ক্লার্কের জন্য। এ সিরিজ দিয়েই ক্যারিয়ারের ইতি টানলেন অস্ট্রেলীয় অধিনায়ক। তবে শেষটা যে এমন সাদামাটা হবে, তা কি ভেবেছিলেন ক্লার্ক? সিরিজ জুড়েই ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। বিদায়লগ্নে ব্যাট কথা বলাই ছেড়ে দিল। ৫ ম্যাচে ১৬.৫০ গড়ে করেছেন ১৩২ রান। তাঁর চেয়ে বেশি রান করেছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড, ১৩৪ রান। ব্যক্তিগত ব্যর্থতা, দলীয় ব্যর্থতায় একের পর এক সমালোচনা ধেয়ে আসছিল চারদিক থেকে। সিরিজের মাঝপথেই ঘোষণা দিলেন অবসরের।
এক অদ্ভুত অ্যাশেজ গেল এবার। দুই দলই জিতেছে প্রতিপক্ষকে উড়িয়ে। খেলার দিন হিসাবে এ সিরিজ ঢুকে পড়ল রেকর্ড বইয়ের একটি অধ্যায়ে। খেলার দিন হিসাবে পাঁচ বা তাঁরও বেশি টেস্ট সিরিজে এটি ছুঁল ২০০০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজকে। সে সিরিজের সব ম্যাচ মিলে খেলা হয়েছিল মোট ১৮দিন। এটিও তা-ই। কার্ডিফ আর লর্ডসে ফল এসেছে চার দিনে, এজবাস্টনে আড়াই দিনেই শেষ, ট্রেন্ট ব্রিজে তৃতীয় দিন সকাল পর্যন্ত খেলা গেছে খুব টেনেটুনে। ওভালে চতুর্থ দিনেই ম্যাচের সমাপ্তি। অ্যাশেজে এটাই সবচেয়ে সংক্ষিপ্ত দিনের সিরিজ। এর আগের রেকর্ডটি ছিল ১৮৮৪-৮৫ মৌসুমে। সেবার মোট খেলা হয়েছিল ১৯দিন। তবে ‘টাইমলেস’ টেস্টের সে যুগে ম্যাচের ফাঁকে একদিন করে বিশ্রাম থাকত।
ওভাল টেস্টের তৃতীয় দিনেই ইনিংস পরাজয়ের চোখ রাঙানি দিচ্ছিল ইংলিশদের। ইনিংস হার এড়াতে হাতে থাকা ৪ উইকেটে আরও ১২৯ করতে হতো ইংল্যান্ডকে। অ্যালিস্টার কুকের দল বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনে যোগ করল ৮৩ রান।
ম্যাচ সেরার পুরস্কার উঠল সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথের হাতে। সিরিজ সেরা পুরস্কার ভাগাভাগি করে নিলেন ৪৮০ রান করা ক্রিস রজার্স ও ৪৬০ রান সংগ্রাহক জো রুট। যদিও সিরিজে সর্বোচ্চ রান এসেছে স্মিথের ব্যাট থেকে। তবে রজার্স-রুটকে এ পুরস্কার দেওয়ায় নিশ্চয় মন খারাপ হবে না স্মিথের! ব্যক্তিগত পুরস্কারে অস্ট্রেলীয়রা এগিয়ে থাকলেও দলীয় সাফল্যে ইংলিশরাই এগিয়ে। এ কারণে ক্লার্কদের সামনে বুনো উল্লাসে মেতে উঠতে পেরেছে কুকের দল। এএফপি, রয়টার্স।