জিতল শেষে উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজকে দারুণ এক জয় এনে দিয়েছেন এই দুজন। ১০৮ রানের জুটি গড়ার পথে ড্যারেন ব্রাভো ও জার্মেইন ব্ল্যাকউড (বাঁয়ে)। পরশু কেনসিংটন ওভালে l এএফপি
ওয়েস্ট ইন্ডিজকে দারুণ এক জয় এনে দিয়েছেন এই দুজন। ১০৮ রানের জুটি গড়ার পথে ড্যারেন ব্রাভো ও জার্মেইন ব্ল্যাকউড (বাঁয়ে)। পরশু কেনসিংটন ওভালে l এএফপি

বাজির দরটা তাদের পক্ষে ছিল না। যে উইকেটে আগের দিন পড়েছে ১৮ উইকেট, যে উইকেটে সকালের সেশনেই ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট ১২৩ রানে—সেই উইকেটে ১৯২ রানের লক্ষ্যটা সহজ ছিল না মোটেও। পরশু বারবাডোজ টেস্টের তৃতীয় দিনে চা-বিরতির কিছু পরে ৮০ রানে চতুর্থ উইকেট হারিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজের জন্য কাজটা হয়ে যায় আরও কঠিন। সেই কঠিন পরিস্থিতিতেই ১০৮ রানের জুটি গড়ে দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন ড্যারেন ব্রাভো ও জার্মেইন ব্ল্যাকউড। তিন দিনের মধ্যেই সিরিজের শেষ টেস্টটা ৫ উইকেটে জিতল ক্যারিবীয়রা। ছয় বছরের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয় ওয়েস্ট ইন্ডিজের। ইংল্যান্ডের বিপক্ষে গত ২৯ টেস্টে এটি দ্বিতীয় জয়। এই জয়েই সিরিজটা বাঁচিয়ে ফেলল ওয়েস্ট ইন্ডিজ (১-১)।
১৪৮ বলে ৭ চার ও ৩ ছয়ে ৮২ রান করেছেন ব্রাভো। প্রথম ইনিংসের ৮৫ রানের পর এবার ৪৭ রানে অপরাজিত ব্ল্যাকউড। বোলারদের দাপটের ম্যাচে ২৩ বছর বয়সী ডানহাতিকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করতে খুব একটা ভাবতে হয়নি নির্বাচকদের। এর আগে ৫ উইকেটে ৩৯ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ডকে লাঞ্চের আগেই গুটিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপ-ব্যর্থতার পর টেস্ট সিরিজেও ব্যর্থতা। সিরিজ ড্র করে টেস্ট র্যা ঙ্কিংয়ে তিন থেকে চারে নেমে যাওয়া। সেটাও ‘গড়পড়তা’ এক দলের সঙ্গে—সমালোচনার ঝড় ধেয়ে আসছে ইংল্যান্ড ক্রিকেট দলের দিকে। সমালোচনা ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ভাবী চেয়ারম্যান কলিন গ্রেভসকে নিয়েও। সিরিজ শুরুর আগে গ্রেভস বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের মতো গড়পড়তা দলকে হারাতে না পারলে সেটির তদন্ত হওয়া উচিত। ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক মনে করেন গ্রেভসের মন্তব্যে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে। পরশু সিরিজে সমতা আনার পর ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার জবাব দিলেন টুইটারে, ‘গড়পড়তা দলের জন্য (ফলটা) খারাপ কী!’
এদিকে স্যার ইয়ান বোথাম পরিবর্তনের ডাক দিয়েছেন ইংল্যান্ড দলে। সাবেক এই অলরাউন্ডার বলছেন, এখনই উচিত দলের খোলনলচে পাল্টে ফেলা। সিরিজে কেন নতুনদের বাজিয়ে দেখা হলো না সেটি নিয়েও সমালোচনা করেছেন বোথাম। এএফপি, ক্রিকইনফো।