সুনীল নারাইন নেই, নেই ক্রিস গেইল। দোলাচল ছিল ওয়েস্ট ইন্ডিজের খেলা নিয়েই। বোর্ডের সঙ্গে বিরোধের জেরে অনিশ্চিত হয়ে পড়েছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডেটা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে লম্বা এক চিঠি লেখা অধিনায়ক ডোয়াইন ব্রাভো শেষ পর্যন্ত দল নিয়ে ঠিকই মাঠে এসেছেন।
সেই ওয়েস্ট ইন্ডিজই কাল জিতে নিয়েছে কোচির প্রথম ওয়ানডেটা। জয়টাও বিশাল, ১২৪ রানের। টস হেরে ব্যাট করে ভারতের সামনে ৩২২ রানের লক্ষ্য দেওয়া দলটি স্বাগতিকদের অলআউট করেছে ১৯৭ রানে। সব ক্যারিবীয় বোলারই দারুণ বোলিং করেছেন। উইকেট পেয়েছেন এক সুলিমান বেন ছাড়া অন্য সবাই।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত ব্যাটিংয়ে তুলেছে ৩২১ রান। বছরে মাত্র তৃতীয় ওয়ানডে খেলা মারলন স্যামুয়েলস সর্বোচ্চ ১২৬ রান করে অপরাজিত ছিলেন। ১১৬ বলে ১১ চার ও ৪ ছয়ে এই রান করেছেন ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি করা স্যামুয়েলস। ১৬৫ রানের চতুর্থ উইকেটে স্যামুয়েলসের সঙ্গী দিনেশ রামদিন করেছেন ৬১ রান। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩২১/৬ (স্মিথ ৪৬, ডোয়াইন ব্রাভো ১৭, ড্যারেন ব্রাভো ২৮, স্যামুয়েলস ১২৬*, রামদিন ৬১, পোলার্ড ২, রাসেল ১, স্যামি ১০*; ভুবনেশ্বর ০/৩৮, মোহিত ০/৬১, সামি ৪/৬৬, জাদেজা ১/৫৮, মিশ্র ১/৭২, রায়না ০/১৪)।
ভারত: ৪১ ওভারে ১৯৭ (রাহানে ২৪, ধাওয়ান ৬৮, কোহলি ২, রায়ডু ১৩, রায়না ০, ধোনি ৮, জাদেজা ৩৩*, ভুবনেশ্বর ২, মিশ্র ৫, মোহিত ৮, সামি ১৯; রামপল ২/৪৮, টেলর ১/৫০, ডোয়াইন ব্রাভো ২/২৮, রাসেল ১/২১, বেন ০/১৬, স্যামি ১/২৩, স্যামুয়েলস ২/১০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১২৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মারলন স্যামুয়েলস।