ধরুন, বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়নই হয়ে গেল। ২৯ মার্চ মেলবোর্নের ফাইনাল শেষে ট্রফিটাকে উঁচু করে ধরলেন মাশরাফি বিন মুর্তজা আর তাঁর সতীর্থরা। স্বপ্নের মতো এই ছবিটা যদি সত্যি হয়ে যায়, বিসিবির কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ পুরস্কার পাবে বাংলাদেশ দল। বাংলাদেশি মুদ্রায় শুধু চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারটাই হবে প্রায় ১৫ কোটি ৬০ লাখ টাকা। সঙ্গে অন্য ম্যাচ জেতার পুরস্কার তো থাকবেই। পুরস্কারের অঙ্ক বিশ্বকাপের টিম ম্যানেজমেন্টকে এরই মধ্যে জানিয়ে দিয়েছে বিসিবি। তবে ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে আসবে আজকালের মধ্যে।
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দূরের ব্যাপার। সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত যেতে হলেও বাংলাদেশ দলকে খেলতে হবে আরও অনেকগুলো ম্যাচ। পুরস্কার থাকবে সেসব ম্যাচ জিতলেও। কাল মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাঈমুর রহমান, ‘হ্যাঁ, ম্যাচ জিতলে দলকে পুরস্কৃত করার একটা সিদ্ধান্ত হয়েছে।’ বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ব্যাপারটা আরেকটু খোলাসা করে বলেছেন, ‘বিশ্বকাপে যেকোনো ম্যাচ জিতলেই বাংলাদেশ দলকে বিশেষভাবে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচের ধরন এবং প্রতিপক্ষের ওপর নির্ভর করে ওঠানামা করবে পুরস্কারের অঙ্ক।’
বিসিবি ও দলের বিভিন্ন সূত্রে অবশ্য পুরস্কারের টাকার অঙ্কগুলো মোটামুটি জানা গেছে। প্রথম পর্বে আইসিসির কোনো সহযোগী সদস্য দলকে হারালে যেমন পুরো দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫ হাজার ডলার, পূর্ণ সদস্যদেশকে হারালে অঙ্কটা দাঁড়াবে ২০ হাজার ডলার। কোয়ার্টার ফাইনালে উঠলে বাংলাদেশ দল পাবে ১ লাখ ডলার, সেমিফাইনালে উঠলে ৫ লাখ। আর যদি একবার ফাইনালে উঠেই যায়, দলের ভান্ডারে যোগ হবে আরও ১০ লাখ ডলার। চ্যাম্পিয়ন হলে পুরস্কার ২০ লাখ ডলার। আন্তর্জাতিক ম্যাচ জিতলে এমনিতে যে ‘উইনিং মানি’ পান ক্রিকেটাররা, এসব পুরস্কার হবে তার বাইরে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ দল। তার মানে ৫ হাজার ডলার এরই মধ্যে নিশ্চিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেও বৃষ্টিতে খেলা হয়নি। বিসিবির ঘোষণা অনুযায়ী গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচে স্কটল্যান্ড, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে মাশরাফি-সাকিবরা সব মিলিয়ে পাবেন আরও ৪৫ হাজার ডলার। আর যদি অসম্ভবকে সম্ভব করে ২৯ মার্চ মেলবোর্নে সত্যি সত্যি বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে পারে বাংলাদেশ দল এবং তার আগ পর্যন্ত কোনো ম্যাচ না হারে, শুধু বিসিবির বিশেষ পুরস্কার হিসেবেই বিশ্বকাপ থেকে তখন তারা পাবে ৩৬ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮ কোটি ৪৭ লাখ টাকা।
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা বাংলাদেশের জন্য এখনো আকাশকুসুম কল্পনাই। তবে বিসিবির পুরস্কারের ঘোষণা যে পরের ম্যাচগুলোয় মাশরাফির দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, তাতে কোনো সন্দেহ নেই।