জিতলেই শেষ আট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু ঘুম থেকে উঠেই মুঠোফোনে একটা খুদে বার্তা পেলেন আফ্রিদি-ইরফানরা—‘আমরা দেশের জন্য লড়াই করছি, দেশের জন্যই আমাদের জিততে হবে।’ প্রেরকের নাম দেখে সবাই অবাক—মিসবাহ-উল-হক! পাকিস্তান অধিনায়ক আবার আলাদাভাবে এটা করলেন কেন? বোঝাই যাচ্ছে, আয়ারল্যান্ড ম্যাচের আগে সতীর্থদের উদ্বুদ্ধ করতে মিসবাহ সব কৌশলই কাজে লাগাচ্ছেন।
বিশ্বকাপে এবার যেমন ছক, তাতে দ্বিতীয় রাউন্ড বলে কিছু নেই। তাই আজকের ম্যাচটিকে অনায়াসেই ‘দ্বিতীয় রাউন্ডের’ ম্যাচও বলা যেতে পারে। কারণ এ ম্যাচে যে দল জিতবে, তারাই চলে যাবে কোয়ার্টার ফাইনালে।
দুই দলের কেউই অবশ্য এসব মাথায় আনছে না। পাকিস্তান তো এমনভাবে ঘুরে দাঁড়াল, সাবেকেরা আজকের ম্যাচটা ছাড়িয়ে এখনই মেলবোর্নের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। সেবারের বিশ্বকাপজয়ী দলের মুশতাক আহমেদ এই দলের স্পিন বোলিং কোচ। চোট ছিটকে না দিলে সেই দলে থাকতে পারতেন প্রধান কোচ ওয়াকার ইউনিসও। সেবারও পাকিস্তান খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছিল, এবারও প্রথম দুই ম্যাচ হারের পর জিতেছে টানা তিন ম্যাচে। সবকিছু মিলিয়ে আয়ারল্যান্ড-ভাবনা যেন খুব একটা আসছেই না। এমনকি ইমরান খান পর্যন্ত কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর টোটকা বাতলে দিচ্ছেন!
মিসবাহর কণ্ঠেও সেই আত্মবিশ্বাসই টগবগ করছে, ‘আমরা এই টুর্নামেন্টে একটা নতুন জীবন পেয়েছি। আমাদের নিশ্চিত করতে হবে, সেটি যাতে কোনোভাবেই হাতছাড়া না হয়। এখন থেকে আমাদের চারটি ম্যাচ জিততে হবে, প্রথমটি শুরু আয়ারল্যান্ডকে দিয়ে। এরপর তিনটা ম্যাচ জিতলেই টুর্নামেন্ট আমাদের। মনে রাখতে হবে, দ্বিতীয় কোনো সুযোগ পাওয়া যাবে না। ইতিবাচক থাকতে হবে, বল হাতে উইকেট নেওয়ার চেষ্টা করতে হবে, ব্যাট হাতে রান করতে হবে। এখন পর্যন্ত বোলাররা ভালোই করেছে, এবার ব্যাটসম্যানদের পালা।’
পাকিস্তানের জন্য যা অস্বস্তি, আয়ারল্যান্ডের সেটিই মূল অস্ত্র। ব্যাটিংই আইরিশদের শেষ আটের স্বপ্ন দেখাচ্ছে। আইরিশ ব্যাটসম্যান এড জয়েসের চোখে এটাই তাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। উইলিয়াম পোর্টারফিল্ড ও আর দুই ও’ব্রায়েন ভাই—কেভিন ও নিল সতীর্থদের অবশ্য একটা প্রেরণার গল্প শোনাতে পারেন। বিশ্বকাপে দুই দলের একমাত্র ও সর্বশেষ দেখা ২০০৭ সালে, সেবার আয়ারল্যান্ড পাকিস্তান-জয়ে অবদান রেখেছিলেন এই তিনজন। মিসবাহ সেবার ছিলেন না। তবে ইতিহাসকে খুব বড় করে দেখছেন না, ‘মনে রাখতে হবে, জয়টা ৮ বছর আগে। তবে আয়ারল্যান্ড খুব কঠিন প্রতিপক্ষ। আমাদের নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।’
আয়ারল্যান্ডের জন্য অবশ্য এটা আবার হয়ে যেতে পারে অনেক দিনের মধ্যে বিশ্বকাপের শেষ ম্যাচ। ১০ দলের পরের বিশ্বকাপে তাদের অংশ নেওয়া ঝুলছে সুতার ওপর। আরেকটি রূপকথা লিখে বিশ্বকাপের সুখস্মৃতিটা কি লম্বা করতে পারবে তারা? এএফপি।