
বাজিটা জিতেই গেলেন মহেন্দ্র সিং ধোনি। জিতলেন ভুবনেশ্বর কুমারকে নিয়ে বাজি ধরে। জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে ৬ ওভারে করতে হবে ৭১ রান, হাতে যদিও উইকেট ছিল মাত্র ৪টি। কিন্তু ক্রিজে তো ছিলেন ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ততক্ষণে পেয়ে গেছেন ক্যারিয়ারের ২২তম ওয়ানডে সেঞ্চুরি।
আর সে সময়েই কিনা চেন্নাইয়ের স্পিন-বান্ধব উইকেটে ধোনি আক্রমণে ফেরালেন পেসার ভুবনেশ্বর কুমারকে। সেই ভুবনেশ্বর, যিনি প্রথম ৭ ওভারে ৫০ রান দিয়ে উইকেটশূন্য। সেই ভুবনেশ্বর, যাঁর ৬ বল থেকে ডি ভিলিয়ার্স তুলে নিয়েছেন ১৪ রান। ওভারের প্রথম দুই বল থেকেই দুটি ডাবল নিয়ে রান-বলের ব্যবধানটা আরও কমানো ডি ভিলিয়ার্স ফাঁদে পা দিলেন তৃতীয় বলে।
শর্ট বলটাকে পুল করতে গিয়েছিলেন, কিন্তু ব্যাটের কানায় লেগে বলটা গেল উইকেটের পেছনে ধোনির হাতে। আউট! অপমৃত্যু হলো ডি ভিলিয়ার্সের ১১২ রানের দারুণ এক ইনিংসের। অপমৃত্যু হলো ম্যাচের রুদ্ধশ্বাস সমাপ্তিরও সম্ভাবনাও। ডি ভিলিয়ার্সকে আউট করার পরের ওভারে ভুবনেশ্বর নিয়েছেন আরও ২ উইকেট। ৫০ ওভারে ২৬৪ রানেই থেমেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। চতুর্থ ওয়ানডেটা ৩৫ রানে জিতে পাঁচ ম্যাচ সিরিজে সমতা ফেরাল ভারত। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ আগামী পরশু মুম্বাইয়ে।
প্রোটিয়া ইনিংসে প্রায় একাই লড়েছেন ডি ভিলিয়ার্স। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান ওপেনার কুইন্টন ডি ককের। এর আগে ভারতের ইনিংসেও একই ছবি। ১৩৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ওয়ানডেতে সেঞ্চুরি-খরা কাটিয়েছেন বিরাট কোহলি। তাঁর ২৩তম ওয়ানডে সেঞ্চুরিটা সাজানো ৬ চার ও ৫ ছয়ে। গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর ১৪তম ম্যাচে প্রথম সেঞ্চুরি পেলেন কোহলি। ওয়ানডেতে প্রতি সাত ইনিংসেই যাঁর একটি সেঞ্চুরি, তাঁর জন্য সময়টা দীর্ঘই বলতে হয়। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান সুরেশ রায়নার। তথ্যসূত্র: স্টার স্পোর্টস, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ২৯৯/৮ (কোহলি ১৩৮, রায়না ৫৩, রাহানে ৪৫, রোহিত ২১; রাবাদা ৩/৫৪, স্টেইন ৩/৬১)। দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৬৪/৯ (ডি ভিলিয়ার্স ১১২, ডি কক ৪৩, বেহারডিয়েন ২২, ফাঙ্গিসো ২০; ভুবনেশ্বর ৩/৬৮, হরভজন ২/৫০)।
ফল: ভারত ৩৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি।