জিতে চলেছে অনূর্ধ্ব-১৯ দলও
বাংলাদেশ জিম্বাবুয়ে জাতীয় দলকে ধবলধোলাই করেছে ওয়ানডে সিরিজে। জিম্বাবুয়ে ‘এ’ দলকে তাদের মাটিতে হারিয়েছে বাংলাদেশ ‘এ’। মাত্র ১৪৪ রান তাড়া করতে নেমে ১২৯ রানেই মুখ থুবড়ে পড়ে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দলের কাছে। তাহলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিম্বাবুয়ে যুবদলকে পাত্তা দেবে কেন? কাল চট্টগ্রামে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে দ্বিতীয় যুব ওয়ানডেতেও হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশের যুবারা জিতেছে ৫৮ রানে। ওপেনার সাইফ হাসানের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৪১ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। ১৮০ রানের উদ্বোধনী জুটিতে সাইফের সঙ্গী পিনাক ঘোষ করেছেন ৬৫। ১৫৪ বলে ১২ চারে ঠিক ১০০ রান করেছেন যুব ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি পাওয়া সাইফ।
জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল ২ উইকেট হারিয়েই তুলে ফেলেছিল ১৩৫ রান। কিন্তু ৪৮ রানে শেষ ৮ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ১৮৩ রানেই। এক ওভারে ২ উইকেট নিয়ে ধসের সূচনা করেন বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ, ৩০ রানে নিয়েছেন ৪ উইকেট।
আগামীকাল একই ভেন্যুতে তৃতীয় ম্যাচ।