জিতেই প্রাইম ব্যাংকের ভাবনায় আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমির চেয়ে প্রাইম ব্যাংকের কাছে চিন্তা ছিল বৃষ্টি! আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কাল সকালে মিরপুরে অবশ্য বৃষ্টি হয়নি। তবে ‘যেকোনো সময়ে হতে পারে’—এমন আশঙ্কায় ৯০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কলাবাগান একাডেমির বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হলেন প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানরা।
আউটফিল্ড খানিকটা ভেজা থাকায় খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর। ৫২ মিনিটেই খেলা শেষ! ১০.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের দেখা পেয়ে যায় প্রাইম ব্যাংক।
তাড়াহুড়ো করতে গিয়ে বেশ কয়েকবার ক্যাচ তুলেছেন প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানরা। কলাবাগান একাডেমির পেসার আবদুল হালিমের করা চতুর্থ ওভারেই উঠেছে দুটি। দুটিই হাতছাড়া! এর একটি ছিল শানাজ আহমেদের, আরেকটি সাব্বির রহমানের। সুযোগ পেয়ে সাব্বির খেলেছেন টি-টোয়েন্টিসুলভ এক ইনিংস, ২৯ বলে করেছেন অপরাজিত ৪০ রান।
১২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া প্রাইম ব্যাংকের বাঁহাতি স্পিনার মনির হোসেন জানালেন, বৃষ্টিতে যাতে পয়েন্ট ভাগাভাগি কিংবা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির ফাঁড়ায় না পড়তে হয় এ কারণেই দ্রুত খেলা শেষ করতে চেয়েছিলেন তাঁরা।
জয়ের পরই প্রাইম ব্যাংকের ভাবনায় ঢুকে পড়েছে আবাহনী। ৯ ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট ১০। সুপার লিগের সম্ভাবনা উজ্জ্বল করতে হলে পরশু বিকেএসপিতে জয়ের বিকল্প নেই। এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী মানেই নানা বিতর্ক। বিষয়টি বেশ ভাবাচ্ছে প্রাইম ব্যাংকের আইকন খেলোয়াড় সাব্বিরকে, ‘আপনারা (সংবাদমাধ্যম) ভিডিও-টিডিও করবেন ভাই। তাদের প্রতি ম্যাচেই যা হচ্ছে!’
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান একাডেমি: ২১ ওভারে ৮৯ (মেহেদী ১৯, ইরফান ১২, তাপস ১২, প্রসেনজিৎ ১১, হালিম ১১; আজিম ৩/২৩, মনির ৩/১২, শিহান ১/১২)।
প্রাইম ব্যাংক: ১০.৩ ওভারে ৯২/২ (সাব্বির ৪০*, শানাজ ২২, নুরুল ১৫*; মেহেদী ১/১২, জায়েদ ১/২২)।
ফল: প্রাইম ব্যাংক ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মনির হোসেন।
আজকের খেলা
ভিক্টোরিয়া-শেখ জামাল সকাল ৯টা, মিরপুর
রূপগঞ্জ-কলাবাগান কেসি সকাল ৯টা, ফতুল্লা
ব্রাদার্স-গাজী গ্রুপ সকাল ৯টা, বিকেএসপি