হাশিম আমলা রানে ফিরেছেন দারুণ এক সেঞ্চুরি করে। নিউজিল্যান্ডকে ৩০৫ রানের লক্ষ্য বেঁধে দিয়ে দক্ষিণ আফ্রিকা জিতেছে ২০ রানে। কিন্তু এতেও সন্তুষ্ট নন প্রোটিয়া ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। পরশু সেঞ্চুরিয়নে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেটা জেতার পর সংবাদ সম্মেলনে ডি ভিলিয়ার্স যেন ছিলেন পরাজিত দলের অধিনায়ক!
দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানেই জিততে পারত। পারেনি ফিল্ডিং ভালো হয়নি বলে। ডি ভিলিয়ার্সের অসন্তোষের কারণও এটাই, ‘আমরা সব সময় যে ধরনের ঐকান্তিকতা ও প্রোটিয়া-ঝলকের কথা বলি, আজ রাতে সেটির অভাব ছিল। নিজেদের খেলাটা খেলতে পারলে আমরা অনেক আগেই জিতে যেতাম, কিন্তু তা হয়নি। নিউজিল্যান্ড ভালোভাবেই ম্যাচে ছিল। ভালো দলগুলোকে সুযোগ দিলে তারা জিতেও যেতে পারে।’
ডেল স্টেইনের বলে নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম বলেই ক্যাচ তুলেও বেঁচে গেছেন টম ল্যাথাম। ওই ওভারের চতুর্থ বলে ক্যাচ পড়েছে লুক রনকির। ওভারের শেষ বলে রনকির তোলা ক্যাচটি অবশ্য ছাড়েননি হাশিম আমলা। ওই ওভারটা মনে রেখেই ডি ভিলিয়ার্স দুষেছেন ফিল্ডারদের, ‘আমরা ফিল্ডিংয়ে কতটা অবসাদগ্রস্ত ছিলাম সেটাই বলে দিচ্ছে ওই ওভারটা। দলের পুরো ফিল্ডিং নিয়েই আমি অসন্তুষ্ট।’ শুধু ওই ওভারেই নয়, আরও ক্যাচ ছেড়েছেন প্রোটিয়া ফিল্ডাররা।
পরাজিত অধিনায়ক কেন উইলিয়ামসন প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকান বোলিংয়ের, ‘দক্ষিণ আফ্রিকানরা নতুন বলে দারুণ বোলিং করেছে। এরপর তাহিরও তার জাত চিনিয়েছে।’ তিন ওয়ানডে ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী পরশু পচেফস্ট্রুমে। ক্রিকইনফো।