অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়। দক্ষিণ আফ্রিকা এরপর কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টটাও জিতে নিল বড় ব্যবধানে। পোর্ট এলিজাবেথ টেস্টে ২০৬ রানে জিতেও অবশ্য তৃপ্ত নন দলটির অধিনায়ক ফাফ ডু প্লেসি। এখনো যে সবকিছুতে নিখুঁত হতে পারেনি তাঁর দল!
কাল ম্যাচের শেষ দিনে মাত্র ৭০ মিনিট ও ১৩.৩ ওভারেই জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪৮৮ রানের লক্ষ্য, ৫ উইকেটে ২৪০ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা অলআউট আর মাত্র ৪১ রান যোগ করে। দিনের তৃতীয় ওভারে কাইল অ্যাবটের বলে এলবিডব্লু হয়ে পতনের রাস্তাটা দেখিয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথুস। নিজের আগের দিনের স্কোরের সঙ্গে আর মাত্র ১ রান যোগ করতে পেরেছেন লঙ্কান দলপতি। চার ওভার পর ধনঞ্জয়া ডি সিলভাও এলবিডব্লু অ্যাবটের বলে। শ্রীলঙ্কার আশা-ভরসার সলিলসমাধি ওখানেই।
২০১৬ সালে নয় টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকার এটি পঞ্চম জয়। হার-জিতের অনুপাতে বছরে মাত্র দুই ম্যাচে হারা প্রোটিয়াদের চেয়ে সফল শুধু ভারত। ডু প্লেসি অবশ্য এতেই সন্তুষ্ট নন, ‘আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি। তবে ব্যাপারটা ধারাবাহিক হওয়ার। এখন পর্যন্ত আমরা সামর্থ্যের ৮০ ভাগ ব্যবহার করেছি, ট্যাংকে এখনো ২০ ভাগ আছে। বোলাররা সত্যিই দারুণ করছে, কিন্তু ব্যাটিংয়ে আরও ভালো করতে হবে।’
ডু প্লেসির ইঙ্গিতটা দলের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের দিকেই। স্টিভেন কুক ও ডিন এলগার উদ্বোধনী জুটিতে ১০৪ রান তোলার পরও ২৮৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে কুক-এলগারের ১১৬ রানের ভিত্তির ওপর দাঁড়িয়ে অবশ্য লঙ্কানদের ঘাড়ে রানের বোঝা চাপিয়েছে প্রোটিয়ারা।
দুই দিন বিরতির পর আগামী পরশুই আবার খেলতে নামছে দুই দল। দ্বিতীয় টেস্টের ভেন্যু কেপটাউন।