জিতেও সাকিব বললেন, ‘আমরা অসহায়’
আগের ম্যাচে ক্রিস গেইলের সঙ্গে ফরচুন বরিশালের ইনিংস উদ্বোধন করতে এসেছিলেন জেক লিনটট। আজ লিনটট একাদশে জায়গাই পেলেন না।
গেইলের সঙ্গে এলেন ডোয়াইন ব্রাভো, ক্যারিয়ারে মাত্র ষষ্ঠবারের মতো ইনিংস উদ্বোধন করতে এলেন তিনি। তবে বরিশালের টপ অর্ডারের চিত্রটা তাতে ঠিক বদলাল না। ম্যাচ শেষে তো সাকিব বলেই দিলেন, তাঁরা অসহায়!
ঢাকা পর্বে একমাত্র বরিশাল দলেই প্রথম চারজন ব্যাটসম্যান ছিলেন বাংলাদেশি। তবে সেভাবে বড় স্কোর গড়তে পারেনি দলটি। গেইল যোগ দেওয়ার পরও তাঁকে খেলানো হয়েছিল পাঁচ নম্বরে। অবশ্য চট্টগ্রাম পর্বেই গেইলকে আনা হলো শুরুতে।
খুলনার বিপক্ষে ফিরতি ম্যাচে বরিশাল পাওয়ারপ্লেতে ২৯ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেট। নাজমুল হোসেনের সঙ্গে তাঁর জুটির পর দারুণ বোলিংয়ে জয় পেলেও সাকিবের দুশ্চিন্তাটা যায়নি, ‘আমরা জানতাম ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট এটি। (তবে) পাওয়ারপ্লে আমাদের জন্য বড় একটা চিন্তার ব্যাপার, এটি নিয়ে কাজ করতে হবে।’
ব্রাভোকে ইনিংস উদ্বোধন করতে পাঠানো প্রসঙ্গে সাকিবের কণ্ঠে যেন অসহায়ত্বই ফুটে উঠল, ‘আমাদের বোলিংয়ে বিলাসিতা করার সুযোগ আছে। তবে ব্যাটিং পাওয়ারপ্লেটা ভাবনার বিষয়। আমরা এখনো ব্যাটিংয়ের ঠিক সমন্বয়টা খুঁজছি। ব্যাপারটা স্বাস্থ্যকর নয়, তবে আমরা অসহায়। আপনার ড্রেসিংরুমে সবকিছু শান্ত রাখতে হবে, সবার নিজের ভূমিকাটা জানতে হবে।’
খুলনাকে আটকে দেওয়ার মূল কাজটা করেছেন বরিশালের দুই স্পিনার সাকিব ও মুজিব উর রহমান। এ দুজনের ৮ ওভারে খুলনা তুলতে পেরেছে মাত্র ২৩ রান।
সাকিব জানিয়েছেন, শিশিরের কারণে শুরুতেই দুজনের ওভার শেষ করতে হয়েছে, ‘আজ শিশির ছিল। পেসারদের একটু লড়াই করার সুযোগ করে দিতে স্পিনারদের শুরুতেই ব্যবহার করেছি।’
৫ ম্যাচে বরিশালের এটি তৃতীয় জয়। পয়েন্ট টেবিলে এখন তিনে আছে তারা।