জিতেছে দক্ষিণ আফ্রিকা

বৃষ্টির ফাঁদে পড়ে অস্ট্রেলিয়ায় ২৩ বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফিকা। এবারও বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। কিন্তু সেখানে যাওয়ার আগে শনিবার ডারবানে সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টির বাধার মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে প্রোটিয়ারা। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তারা ৬৪ রানের জয় পেয়েছে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ২ বলে ৮ উইকেটে ২৭৯ রান করে দক্ষিণ আফিকা। অধিনায়ক এবি ডিভিলিয়ার্স ৮১, মিলার ৭০ ও হাশিম আমলা ৬৬ রান করেন। এর পর আকাশ কালো করা বৃষ্টিতে কয়েক ঘণ্টা খেলা বন্ধ থাকে।
পরে সফরকারী ক্যারিবীয়দের জয়ের লক্ষ্য দেওয়া হয় ৩২ ওভারে ২২৬ রান। ক্রিস গেইল ও স্মিথের ব্যাটিংয়ে শুরুটা ভালোই হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। উদ্বোধনী জুটিতে আসে ৫১ রান। কিন্তু ৪১ রান করে গেইল আউট হওয়ার পর ক্যারিবীয়দের সেই ঝড়ের তেজ কমে আসে। এর মধ্যে আরেক দফা নামে বৃষ্টি। কিন্তু বল হাতে ইমরান তাহির ও ডেল স্টেইনের দাপটে ২৮ ওভার ২ বলে ১৬৪ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
তাহির ও স্টেইন শিকার করেছেন ৪টি করে উইকেট। পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে রোববার জোহানেসবার্গে।