জিতেছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহ দুয়েক আগেই দলীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটা নতুন করে লিখতে দেখেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৩ রান করেছিল অস্ট্রেলিয়া। কাল আবার রেকর্ড বই নিয়ে ঘাঁটাঘাঁটি, এবার খোঁজ আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বনিম্ন দলীয় ইনিংসের। ২২ রানে ৫ উইকেট হারিয়ে রেকর্ডটাকে যে হুমকির মুখে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।

দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অবশ্য অগৌরবের ওই রেকর্ড গড়া হয়নি ক্যারিবীয়দের। ডোয়াইন ব্রাভোর ব্যাটে ভর করে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত অলআউট হওয়ার আগে করেছে ১১৫ রান। ৫৪ বলে ৫৫ রান ব্রাভোর। এ ছাড়া দুই অঙ্ক ছাড়িয়েছে শুধু ব্রাভোর সঙ্গে নবম উইকেটে ৬৬ রান যোগ করা জেরোম টেলর (২১)।

রানটা অবশ্য ৯ উইকেট ও ৩৪ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাকিস্তান। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ৮৮ রান যোগ করেছেন খালিদ লতিফ (৩৪*) ও বাবর আজম (৫৫*)। সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ। তথ্যসূত্র: ক্রিকইনফো।