জিতেছে 'এ' দল
লক্ষ্যটা এমনিতে ছিল সহজ, ৯ উইকেট হাতে নিয়ে ৬১ রান। সাধারণ হিসাবে জয়টা ছিল শুধু আনুষ্ঠানিকতার। তবে এই ম্যাচের বাস্তবতা যে ভিন্ন! চতুর্থ দিনের উইকেট আরও দুরূহ। আগের দিন জিম্বাবুয়ে ‘এ’ দলের ১০৮ রানে গুটিয়ে যাওয়া, এক দিনে ১৮ উইকেটের পতন, এসবই বলছিল ওই ৬১ রানও হতে পারে দুর্গম গিরি পেরোনোর মতো। শেষ পর্যন্ত অবশ্য খুব বড় চ্যালেঞ্জ জানাতে পারেনি জিম্বাবুয়ে। আগের দিন বিকেলে ১ উইকেট হারানো বাংলাদেশ কাল হারিয়েছে আরও তিনটি, তবে ৬ উইকেটের জয়টা শেষ পর্যন্ত বলার মতোই!
প্রথম ইনিংসে ফিফটি করা ওপেনার লিটন দাস কাল আউট হয়েছেন ৪২ রানে। পরে ৮ রানের মধ্যে বিদায় নেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মার্শাল আইয়ুব ও রকিবুল হাসানও। ম্যাচে ফেরার দূরতর সম্ভাবনায় তখন উজ্জীবিত জিম্বাবুয়ে। কিন্তু অধিনায়ক নাঈম ইসলাম ও ফরহাদ হোসেনের দৃঢ়তায় বাংলাদেশ আর কোনো উইকেট হারায়নি। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে দুজন গড়েছেন ৩৩ রানের জুটি। দুই ইনিংস মিলিয়ে রেকর্ড গড়া ১৫ উইকেটে ম্যাচসেরা সাকলাইন সজীব।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ‘এ’: ২০৬ ও ১০৮
বাংলাদেশ ‘এ’: ২১১ ও ৩৮.২ ওভারে ১০৫/৪ (সাদমান ৬, লিটন ৪২, মার্শাল ১৩, রকিবুল ১০, নাঈম ১৫*, ফরহাদ ১৬*, মাসাকাদজা ২/৪৬, মুনিয়েদে ১/২১, মুতম্বোদজি ১/২১)।
ফল: বাংলাদেশ ‘এ’ ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাকলাইন সজীব।