জিম্বাবুয়ে এবার সহজ নয়!

ওয়ার্মআপের পরই অনুশীলন শুরু হলো মাঝ উইকেটে। ব্যাটসম্যানদের প্রতি নির্দেশ, বলে বলে রান নিতে হবে। বোলারদের বলা হয়েছে, ব্যাটসম্যানদের দ্রুত ফেরাতে হবে, একইসঙ্গে রানের চাকা আটকে রাখতে হবে।
তামিম ইকবাল-এনামুল হক সাবলীলভাবেই খেলতে থাকলেন দুই পেসার শফিউল ইসলাম-মুস্তাফিজুর রহমানকে। চার-ছয়ে কাল মিরপুরের ম্লান বিকেলটায় বেশ বিনোদনই জোগালেন দুই ওপেনার! তবে খানিকটা ভুগলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও নাসির হোসেন। ব্যাটসম্যানদের ভোগালেন আসলে আরাফাত সানি। সানির বলেই তিনবার ক্যাচ তুলে দিলেন মাহমুদউল্লাহ! এ দৃশ্যে লুকিয়ে অনেক বার্তা।
ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পেসাররা দারুণ সফল হলেও জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনারদেরই বরাবরের রাজত্ব। সবচেয়ে বেশি উইকেট পাওয়া দুজনই স্পিনার। ৪২ ওয়ানডেতে ৬৩ উইকেট নিয়ে সবার ওপরে সাকিব আল হাসান। ৩২ ম্যাচে ৫৬ উইকেটে দুইয়ে আবদুর রাজ্জাক। জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া রাজ্জাক নেই এই সিরিজেও। তবে আছেন সানি ও জুবায়ের হোসেন। গত বছর জিম্বাবুয়েকে টেস্ট ও ওয়ানডেতে ৮-০ হারানো সিরিজে দারুণ করেছিলেন সানি। ৩ ম্যাচে বাঁহাতি স্পিনে নিয়েছিলেন ১০ উইকেট। লেগ স্পিনে জুবায়ের ২ ম্যাচে ৪ উইকেট। অবশ্য এই জিম্বাবুয়ের বিপক্ষেই গত বছর ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করা তাইজুল ইসলাম এবার দলে নেই।
পেসারদের ফিটনেস নিয়ে সংশয়, ঘরের মাঠের উইকেট ও জিম্বাবুয়ের বিপক্ষে অতীত রেকর্ডই বাংলাদেশকে ফেরাচ্ছে স্পিন-নির্ভর আক্রমণে। স্পিন আক্রমণ নিয়ে আশাবাদী হলেও দলের অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন মনে করছেন চ্যালেঞ্জিংই হবে এ সিরিজ, ‘ঘরের মাঠে সব সময়ই আমরা স্পিনের ওপর বেশি নির্ভর করি। স্পিনার দিয়েই ওদের ধরাশায়ী করার চিন্তা করি। একটু মন্থর উইকেট হলে আমাদের জন্য সুবিধা। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের জন্য মন্থর গতির উইকেটে ব্যাটিং করা কঠিন। কারণ, তারা সবুজ উইকেটে খেলে যেখানে বাউন্স বেশি থাকে। সব মিলিয়ে সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জিংই হবে।’
এমনিতে দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে বাংলাদেশ ঢের এগিয়ে। ৬৪ ওয়ানডেতে ৩৬ জয়, হার ২৮টিতে। ৩ টি-টোয়েন্টি দুই জয় আর ১ হার। তা ছাড়া এ বছর ঘরের মাঠে দারুণ ছন্দে বাংলাদেশ। তবুও কেন জিম্বাবুয়ে সিরিজ ‘চ্যালেঞ্জিং’? গুরুত্বপূর্ণ কারণ হতে পারে, গত কমাসে খেলোয়াড়দের বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ব্যস্ত থাকা। তবে মিনহাজুল মনে করেন সীমিত ওভার ক্রিকেটে ছন্দ ধরে রাখা খুব একটা কঠিন হবে না, ‘আমাদের সামর্থ্য আছে মানিয়ে নেওয়ার। বড় সংস্করণে খেলার একটা সুবিধা আছে। লম্বা সময় ব্যাটিং-বোলিং করায় ফিটনেস বাড়ে। মানসিক দৃঢ়তা বাড়ে।’
এ বছর জিম্বাবুয়ে ব্যস্ত ছিল সীমিত ওভার ক্রিকেটেই। যদিও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স বলার মতো নয়। আফগানিস্তানের কাছে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটি সিরিজই হেরেছে। প্রতিপক্ষের এই করুণ দশা নিজেদের জন্য ‘ইতিবাচক’ মনে করলেও প্রতিপক্ষকে সমীহের চোখেই দেখছেন মিনহাজুল, ‘জিম্বাবুয়ে ঘরের মাঠে অনেকগুলো ম্যাচ খেলে আসছে। আমরা বেশ কদিন আন্তর্জাতিক ম্যাচ থেকে দূরে। মাঝে সবাই ব্যস্ত ছিল জাতীয় লিগ নিয়ে। তবে ‘এ’ দল ভারত-দক্ষিণ আফ্রিকা সফর করেছে। খেলোয়াড়দের ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। তা ছাড়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারায় জিম্বাবুয়ের মানসিক অবস্থা ভালো নয়। যেহেতু টেস্ট খেলুড়ে দল, যথেষ্ট অভিজ্ঞতা আছে তাদের। বাংলাদেশে এসে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। ওয়ানডে ক্রিকেটে সবাইকে সমীহ করতেই হবে।’
অবশ্য ঘরের মাঠে গত তিনটি ওয়ানডে সিরিজ জয়ের কথাও মনে করিয়ে দিলেন বিসিবির অন্যতম এই নির্বাচক, ‘তিনটি সিরিজে যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছি। সে হিসেবে জিম্বাবুয়ের সঙ্গেও ভালো করব আশা করি।’