জিম্বাবুয়ে সিরিজ দুই ভাগে!
অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় এই বছর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। এফটিপি অনুযায়ী, আগামী বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ে দলের। বাংলাদেশের আন্তর্জাতিক সূচিতে মাঝের এই সময়টা ফাঁকা থাকলেও শেষ পর্যন্ত তা না-ও থাকতে পারে।
বোর্ড সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে ক্রিকেটকে আসন্ন সিরিজটা দুই দফায় আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। জিম্বাবুয়ে রাজি হলে সিরিজের টেস্টের অংশটা হয়ে যেতে পারে আগামী মাসেই। ওয়ানডে আর টি-টোয়েন্টি হবে পরবর্তী সুবিধাজনক সময়ে।
জিম্বাবুয়ে ক্রিকেটকে প্রস্তাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাঈমুর রহমান বলেছেন, ‘অস্ট্রেলিয়া না আসায় এই সময়টা ফাঁকা আছে। আমরা তাই জিম্বাবুয়েকে প্রস্তাব দিয়েছি ২৪ নভেম্বর থেকে শুরু বিপিএলের আগেই টেস্ট সিরিজটা খেলে ফেলার। ওয়ানডে ও টি-টোয়েন্টির সূচি পরে আমরা দুই বোর্ড মিলে ঠিক করব।’ নাঈমুর অবশ্য বলেছেন, ‘আলোচনাটা এখনো প্রাথমিক পর্যায়ে। দুই বোর্ডের মধ্যে কথাবার্তা চলছে।’