জিম্বাবুয়েকে ধবলধোলাই

ঢাকা-খুলনা হয়ে চট্টগ্রামে আসতে আসতে দুর্বল কাঠামোয় বানানো ট্রফির ভিতটাই নড়ে গিয়েছিল। নড়বড়ে ট্রফি নিয়ে টেস্টের মাঝামাঝি দিনগুলোতে অত্যুৎসাহীদের ছবি-টবিও তুলতে দেখা গেছে। চট্টগ্রাম টেস্টের শেষ দিনের আগেই অবশ্য সেটি ঠিক করে ফেলা হয়। কিন্তু কাল ৩-০-তে সিরিজ জয়ের পর মুশফিকুর রহিমের হাতে ট্রফি কই? গ্রুপ ছবিও তোলা হলো ট্রফি ছাড়াই!
আসল ব্যাপারটা জানা গেছে পরে। ঢাকায় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলা দেখতে আসতে পারেন রাষ্ট্রীয় পর্যায়ের বড় কোনো অতিথি, হতে পারেন প্রধানমন্ত্রীও। টেস্ট সিরিজে জয়ের স্মারকটা যাতে বাংলাদেশ দল তাঁর হাত থেকে নিতে পারে, সে জন্যই কাল দেওয়া হয়নি ট্রফিটা। অসম্পূর্ণ থেকে গেল ধবলধোলাইয়ের আনন্দ। শেষ টেস্টে জিম্বাবুয়েকে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ৩-০-তে সিরিজ জেতার পরও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হলো না ‘ল্যাপ অব অনার’। ট্রফি ছাড়া প্রিয় দর্শক-সমর্থকদের কী দেখাতে দৌড়াবেন ক্রিকেটাররা!
জয়ের উদ্যাপন তাই খেলার মাঠেই শেষ। শফিউল ইসলামের বলে নাতশাই মুশাঙ্গুয়ে এলবিডব্লু হতেই স্টাম্প তুলে উল্লাস হলো। জিম্বাবুয়ে রিভিউ চাওয়ায় চূড়ান্ত সিদ্ধান্তটা দিতে একটু সময় লাগলেও বাংলাদেশের বোলার-ফিল্ডাররা যেন নিশ্চিত ছিলেন ওটি আউট। মাঠের মধ্যে তাই তাঁদের উৎসব-উদ্যাপন থামল না। এর পরের উদ্যাপন বলতে কেবল কোরাসে ‘হই’ বলে একটা চিৎকার দিয়ে গ্রুপ ছবি তোলা। ট্রফি ছাড়া তো আর উৎসব জমে না! মধ্যাহ্নবিরতির আগেই ১৮২ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল জিম্বাবুয়ের। বাংলাদেশের জয়টা তখন সময়ের ব্যাপার মাত্র। কাঙ্ক্ষিত সেই জয় চা-বিরতির আগে আসে না পরে, সেটাই ছিল দেখার। চা-বিরতির জন্য নির্ধারিত সময়ের আগেই জিম্বাবুয়ের অষ্টম উইকেটেরও পতন ঘটলে চা-বিরতি পিছিয়ে দেওয়া হয় ১৫ মিনিট। বাকি দুটি উইকেট ওই সময়ের মধ্যেই হারিয়ে জিম্বাবুয়ে অলআউট হয়ে যায় ২৬২ রানে। মাত্র ৩৪ রানে পড়ে শেষ ৫ উইকেট। শেষ ৩ উইকেট ১ রানে।
কালকের এই হারে তারা শুধু ধবলধোলাই-ই হলো না, টেস্ট র্যা ঙ্কিংয়েও পিছিয়ে গেল বাংলাদেশের চেয়ে। কাল শেষ হওয়া সিরিজের আগে আইসিসির টেস্ট র্যা ঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল দশম আর জিম্বাবুয়ের নবম। ৩-০-তে সিরিজ জয়ের পর এখন ৩২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে এসেছে নবম স্থানে। ১৮ রেটিং পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ের অবস্থান দশমে।
ম্যাচ জিততে শেষ দিনে জিম্বাবুয়ের দরকার ছিল ৩৭৮ রান, বাংলাদেশের ৯ উইকেট। কিন্তু শেষ দিনের খেলায় কখনোই মনে হয়নি ম্যাচটা জেতার চেষ্টা করছে জিম্বাবুয়ে। এমনকি টেস্ট ড্র করতে হলে যে ধৈর্য নিয়ে খেলা উচিত ছিল, তাদের ব্যাটিংয়ে সেটাও ছিল অনুপস্থিত। চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৭১ রান ছিল স্কোরবোর্ডে। কাল প্রথম ঘণ্টায় তার সঙ্গে ৬৯ রান যোগ হলেও হারায় ২ উইকেট। পরের এক ঘণ্টায় আরও ২ উইকেটের পতনে মধ্যাহ্নবিরতির আগেই হার দেখতে শুরু করে জিম্বাবুয়ে। ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে মাথা উঁচু করেছিলেন শুধু ৮৯ রানে অপরাজিত রেজিস চাকাভা। অবশ্য বেশি দূর এগোনোর আগেই চাকাভা আউটের হাত থেকে বেঁচে যান একবার। সাকিবের বল তাঁর ব্যাট ছুঁয়ে গেলেও উইকেটের পেছনে ক্যাচটা নিতে পারেননি মুশফিকুর রহিম। চাকাভার রান তখন ২১।
অফ স্পিনার শুভাগত হোম চৌধুরীর কাছে শেষ দিনের প্রত্যাশার কথাটা আগের দিনের খেলা শেষেই জানিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মুশফিকুর রহিমও কাল দিনের শুরুতে বল তুলে দেন দুই স্পিনার তাইজুল ইসলাম আর শুভাগতর হাতে। প্রথম ঘণ্টাতেই হ্যামিল্টন মাসাকাদজা ও সিকান্দার রাজার উইকেট দুটি তুলে নিয়ে শুভাগত আস্থার প্রতিদানও দিলেন। পরে ২ উইকেট করে নিয়েছেন জুবায়ের হোসেন, রুবেল হোসেন আর শফিউল ইসলাম। তবে আর ২টি উইকেট পেলেই যিনি হতে পারতেন তিন টেস্টের সিরিজে ২৫০ ও ২০ উইকেট পাওয়া একমাত্র ক্রিকেটার, সেই সাকিব আল হাসান থেকে গেলেন উইকেটশূন্য। কাল মুশফিক তাঁকে বলও দিয়েছেন কম। আগের দিন করা ৩ ওভারের সঙ্গে এই ইনিংসে আর মাত্র ৮ ওভারই বল করার সুযোগ পেয়েছেন সাকিব। তাতে উইকেট আসেনি। যাও একটা আসতে পারত, সেটিও আসেনি মুশফিক চাকাভার ওই ক্যাচটা ফেলায়।
সাকিব অবশ্য এতেও অসন্তুষ্ট নন। ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের আনন্দে ভুলে গেছেন সবকিছু। তবে ট্রফি ছুঁয়ে আনন্দটা উপভোগ করতে তাঁদের অপেক্ষা করতে হবে ১ ডিসেম্বর অনুষ্ঠেয় পাঁচ ওয়ানডের সিরিজের শেষ ম্যাচটির জন্য। ওয়ানডে সিরিজটাও জিততে পারলে হয়তো তখনো টেস্ট সিরিজ জেতার আনন্দ তাজা থাকবে। কিন্তু দুর্ভাগ্যের কোপে যদি ওয়ানডে সিরিজে হারতে হয়, টেস্ট সিরিজের ট্রফি উঁচিয়ে ধরে কি সেদিন আদৌ আনন্দ করতে পারবে বাংলাদেশ দল?
বাংলাদেশ: ৫০৩ ও ৩১৯/৫ ডি.
জিম্বাবুয়ে: ৩৭৪ ও ২৬২
ফল: বাংলাদেশ ১৮৬ রানে জয়ী