জিম্বাবুয়েকে মাশরাফির 'ধন্যবাদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রফিটা চিগুম্বুরার সঙ্গে ভাগাভাগি করে নিলেন। ভাগাভাগি করে নিলেন হৃদ্যতাও। ছবি: শামসুল হক
ট্রফিটা চিগুম্বুরার সঙ্গে ভাগাভাগি করে নিলেন। ভাগাভাগি করে নিলেন হৃদ্যতাও। ছবি: শামসুল হক

তারা দুঃসময়ের বন্ধু। অনেকবারই বাংলাদেশের ক্রিকেটের পাশে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। দাঁড়াল আরও একবার। সিরিজটা এখন হওয়ারই কথা ছিল না। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে নিরাপত্তা নিয়েই যখন উঠল প্রশ্ন, সেই সময় খেলে গেল জিম্বাবুয়ে। সিরিজের ‘রঙিন’ অংশটা শেষে ‘বন্ধু’দের তাই ধন্যবাদ জানাতে ভুললেন না মাশরাফি।
নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে খেলতে আসেনি অস্ট্রেলিয়া। দুটি টেস্ট খেলতে আসার কথা ছিল স্মিথদের। কিন্তু তাঁরা না আসায় পুরো বাংলাদেশের ভাবমূর্তিটাই পড়ে গিয়েছিল সংকটে। অস্ট্রেলিয়ার দেখানো পথে যে বাংলাদেশে এল না দক্ষিণ আফ্রিকার মহিলা দলও। তখনই প্রায় এক কথায় হাজির জিম্বাবুয়ে।
দুর্দান্ত সাফল্যময় একটি বছর কাটাতে থাকা বাংলাদেশের জন্য শুধু সাফল্য-ব্যর্থতার হিসাবের বাইরেও এই সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। শুধু এটি দেখিয়ে দেওয়া যে, বাংলাদেশে ক্রিকেট এখনো অতটুকুই নিরাপদ, যতটুকু অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। এই আস্থা ক্রিকেট বিশ্বে ছড়িয়ে দিতে বাংলাদেশকে সাহায্য করেছে জিম্বাবুয়ে।
গত কয়েকদিন ধরেই ফেসবুক-টুইটারে জিম্বাবুয়ে দলটিকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়ে এসেছেন অনেক বাংলাদেশি। আজ সফরের সমাপ্তি লগ্নে পুরো বাংলাদেশের প্রতিনিধি হয়ে জিম্বাবুয়েকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দিলেন অধিনায়ক মাশরাফি। বললেন, ‘সিরিজে খেলতে আসার জন্য জিম্বাবুয়েকে ধন্যবাদ। খেলোয়াড়দের, তাঁদের পরিবার এবং জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাচ্ছি।’
শেষ ম্যাচটা খুব কাছাকাছি গিয়ে হেরে গেলেও বছরটা বাংলাদেশের জন্য ছিল অসাধারণ। বিশ্বকাপ দিয়ে শুরু, এরপর একে একে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার পর জিম্বাবুয়ে—সংক্ষিপ্ত সংস্করণে আলোয় আলোয় উদ্ভাসিত ছিল বাংলাদেশ। সূচিতে হঠাৎ কোনো পরিবর্তন না এলে এটিই এই বছর বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
কৃতিত্বটা দলের খেলোয়াড়-কোচদের দিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক, ‘এই বছর দলের খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করেছে। আমি সত্যিই কৃতজ্ঞ ছেলেদের প্রতি। সেই সঙ্গে কোচিং স্টাফদেরও। বছরটা অনেক বড় ছিল আমাদের জন্য। চেষ্টা করেছি ভালোভাবে শেষ করার। দুর্ভাগ্যবশত সেটি হয়নি। তবে সব মিলিয়ে গর্ববোধ করি ২০১৫ সালের সাফল্য নিয়ে। আশা করি ২০১৬ আরও ভালো ক্রিকেট খেলব।’

২০১৬ সালটা শুরুও হবে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ দিয়ে। আবার আসার প্রতিশ্রুতি দিয়ে কাল দেশের বিমানে উঠবে জিম্বাবুয়ের খেলোয়াড়েরা। শেষ ম্যাচে জয়ের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড় ও সব মানুষের ধন্যবাদ সঙ্গে নিয়েই ফিরছে তাঁরা।
ধন্যবাদ জিম্বাবুয়ে!