জিম্বাবুয়েতে জয়ে শুরু 'এ' দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়—এ দুটি অক্ষরই বদলে দিতে পারে একটি দলের চেহারা। টানা হারের পর একটা জয়ই ফিরিয়ে দিতে পারে হারানো আত্মবিশ্বাস। বাংলাদেশ ‘এ’ দলের অবস্থা সে রকমই। টানা পরাজয়ের হতাশার পর ২৯ অক্টোবর গোটেং স্ট্রাইকার্সের বিপক্ষে শেষ এক দিনের ম্যাচে জয়ে দিয়েই ‘এ’ দল শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা সফর। জিম্বাবুয়ে এসেও অব্যাহত থাকল জয়ের ধারা। কাল হারারেতে প্রথম এক দিনের

ম্যাচে মোহাম্মদ মিঠুনের দারুণ সেঞ্চুরিতে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ১৩৮ রানে হারিয়েছে শুভাগত হোমের দল।

টসে জিতে বাংলাদেশ ‘এ’ দলকে প্রথমে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে। সাদমান ইসলাম-রনি তালুকদারের ওপেনিং জুটিতে এসেছে ৩০ রান, দলকে বড় ভিত্তি দিয়েছে মূলত দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটি। সাদমান-মিঠুনের দ্বিতীয় উইকেটে আসে ৭৭। টাপিওয়া মুফুদজার বলে ৫৮ রানে ফিরে গেছেন সাদমান, কিন্তু মিঠুন তৃতীয় উইকেটে নাঈম ইসলামকে নিয়ে গড়েছেন ৬৫ রানের জুটি। লিস্ট ‘এ’ ম্যাচে মিঠুনের এটি প্রথম সেঞ্চুরি। এর আগে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ছিল ৮৩। রায়ান বার্লের বলে আউট হওয়ার আগে ঠিক ১০০ করেছেন, ১০৩ বলে। নির্ধারিত ৫০ ওভারে ‘এ’ দলের রান ৯ উইকেটে ২৫২।

ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে জিম্বাবুয়ে ‘এ’। দুই পেসার মোহাম্মদ শহীদ ও আবু জায়েদের তোপে ১২.১ ওভারে ২১ রান তুলতেই হারায় ৪ উইকেট। রায়ান বার্ল-গডউইল মামহিয়োর পঞ্চম উইকেট প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা অবশ্য করেছিল। আর এই সময়েই দৃশ্যপটে আসেন মাহমুদুল হাসান। মাহমুদুল তাঁর অফ স্পিনে বার্ল-মামহিয়োর ৪২ রানের জুটি তো ভেঙেছেনই, প্রতিপক্ষের মিডল অর্ডারও ধসিয়ে দিয়েছেন! ৪ উইকেটে ৬৩ থেকে ৯ উইকেটে ৯৯—৩৬ রানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে ‘এ’। এই ৫ উইকেটের ৪টিই মাহমুদুলের। ৩৭ ওভারেই জিম্বাবুয়ে অলআউট ১১৪ রানে।

সফরের দ্বিতীয় এক দিনের ম্যাচটি আগামীকাল।