জিম্বাবুয়েতে 'এ' দল তিনে তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের আগে সুখবর এল জিম্বাবুয়ে থেকে। তিন ম্যাচের এক দিনের সিরিজে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ধবলধোলাই করেছে বাংলাদেশ ‘এ’। কাল হারারে স্পোর্টস ক্লাবে শেষ এক দিনের ম্যাচটা ১২২ রানে জিতেছে শুভাগত হোমের দল। বাংলাদেশ ‘এ’ এই প্রথম কোনো দলকে ধবলধোলাই করল।
প্রথম দুই ম্যাচের মতো কালও টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ ‘এ’। প্রথম দুই ম্যাচে ২৫২ ও ২৮২ রান করা বাংলাদেশ ‘এ’ কাল করল ৮ উইকেটে ২৮৬ রান। এবার ৪১.৩ ওভারেই জিম্বাবুইয়ানরা অলআউট ১৬১ রানে।
ওপেনার রনি তালুকদার করেছেন ইনিংস-সর্বোচ্চ ৭৭ রান। তাসামুল হকের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৯০ রান যোগ করা রনির
৮২ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়। সিরিজে কালই প্রথম ম্যাচ খেলা তাসামুল করেছেন ২৯। প্রথম ম্যাচে সেঞ্চুরি পাওয়া মোহাম্মদ মিঠুন খেলেছেন টানা তৃতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ১০০, ৬৬ ও ৬০—তিন ইনিংসে ২২৬ রান করে সিরিজের সেরা ব্যাটসম্যান মিঠুনই।
অধিনায়ক শুভাগত ১৩ বলে ৫ চারে করেছেন ২১ রান। এ ছাড়া দুই অঙ্ক ছাড়িয়েছেন মাহমুদুল হাসান (৩১), মোসাদ্দেক হোসেন (২১) ও মুক্তার আলী (৯ বলে অপরাজিত ২০)।
দ্বিতীয় ম্যাচে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা গড়া জিম্বাবুয়ে ‘এ’ কাল পথ হারিয়েছে শুরু থেকেই। ৪০ রানে প্রথম ৩ উইকেট হারানো দলটির ইনিংসে ফিফটি নেই একটিও। সর্বোচ্চ ৪৩ রান ওপেনার কেভিন কাসুজার। ৪১ রান করেছেন রায়ান বার্ল। বাংলাদেশ ‘এ’ দলের পেসার মোহাম্মদ শহীদ ৭.৩ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট করে পেয়েছেন শুভাগত হোম ও মাহমুদুল হাসান।
একই মাঠে দুই দলের প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ৯ নভেম্বর।