জিম্বাবুয়ের নাটকীয় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি টি-টোয়েন্টির পর প্রথম ওয়ানডেতেও ১৩১ রানের বিশাল পরাজয়। সেখান থেকে কাল হারারেতে পাকিস্তানের বিপক্ষে নাটকীয় এক জয়ই পেল জিম্বাবুয়ে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৭৬ রান করার পর বল হাতেও ৭৬ রানে পাকিস্তানের ৬ উইকেট ফেলে দিয়েছিল স্বাগতিকেরা। এরপর শোয়েব মালিকের নেতৃত্বে পাকিস্তানের লোয়ার অর্ডারের অবিশ্বাস্য প্রতিরোধের পর মনে হচ্ছিল জিতবে পাকিস্তানই। কিন্তু বৃষ্টির কারণে খেলা কিছু সময় বন্ধ থাকার পর ক্রিজে থাকা ব্যাটসম্যান শোয়েব মালিক ও ইয়াসির শাহকে বিস্মিত করে দিয়ে ৪৮তম ওভারে আলোকস্বল্পতার জন্য খেলা শেষ করে দেন আম্পায়াররা। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিম্বাবুয়ে জিতে যায় ৫ রানে।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ৫৩ ওয়ানডেতে জিম্বাবুয়ের জয় ছিল মাত্র ৩টি। কাল তাদের মাত্রই চতুর্থ জয়ের ভিত্তি গড়ে দিতে মূল ভূমিকাটা ছিল ওপেনার চামু চিবাবার। দ্বিতীয় উইকেটে ব্রায়ান চারির সঙ্গে ইনিংস-সর্বোচ্চ ৯১ রানের জুটি গড়েন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান, চতুর্থ উইকেটে অধিনায়ক এলটন চিগুম্বুরার সঙ্গেও গড়েন ৫৯ রানের জুটি। শেষ পর্যন্ত ১২৫ বলে ৯০ রান করে ওয়াহাব রিয়াজের বলে চিবাবা আউট হলেও সিকান্দার রাজাকে নিয়ে দ্রুত ৬২ রান তুলে দলের দলকে ২৭৬ রানে পৌঁছে দেন চিগুম্বুরাই। ৫৫ বলে ৬৭ রান করে ওয়াহাব রিয়াজের বলে হিট উইকেট হন জিম্বাবুয়ে অলরাউন্ডার। রাজা ২১ বলে ৩২ ও শেষের দিকে ৪ বলে ১৪ রান করেন রিচমন্ড মুতুম্বামি। ওয়াহাব রিয়াজই সফলতম বোলার, ৬৩ রানে নিয়েছেন ৪ উইকেট।
২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গত কয়েকটি ম্যাচের ধারাবাহিকতায় শুরুতেই ধস নামে পাকিস্তানের টপ অর্ডারে। পেসার তিনাশে পানিয়াঙ্গারার জোড়া আঘাতে দুই ওপেনারকে হারানোর পর লুক জঙ্গুয়ের বলে আসাদ শফিক ফিরে যেতে ৩ উইকেটে ১৭ হয়ে যায় পাকিস্তানের স্কোর। ২১.২ ওভারে ৭৬ রানে ৬ উইকেটে চলে যাওয়ার পর পাকিস্তানের পরাজয়টা মনে হচ্ছিল শুধুই সময়ের ব্যাপার। সেখান থেকেই ১১১ রানের দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন শোয়েব মালিক ও আমির ইয়ামিন। অবশ্য সে জন্য জিম্বাবুয়ের ফিল্ডারদের ধন্যবাদ দিতে পারেন তাঁরা। ব্যক্তিগত ১৭ রানে ইয়ামিন ও ৩৭ রানে মালিকের ক্যাচ ফেলে দেন জিম্বাবুয়ের ফিল্ডাররা। দল তো হেরেই গেল, তিনি নিজেও ৪ রানের জন্য বঞ্চিত হলেন সেঞ্চুরি থেকে—শোয়েব মালিকের বুকেই কাল দুঃখটা বড় হয়ে বাজার কথা। ক্যারিয়ার-সর্বোচ্চ ৩২ রান করে অপরাজিত থাকেন ইয়াসির শাহও। টেন ক্রিকেট, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৭৬/৬ (মাসাকাদজা ৭, চিবাবা ৯০, চারি ৩৯, উইলিয়ামস ১০, চিগুম্বুরা ৬৭, রাজা ৩২, মুতুম্বামি ৩২*, জঙ্গুয়ে ৪*; ইরফান ১/৪৭, ইয়ামিন ১/৩৮, রিয়াজ ৪/৬৩, ইয়াসির শাহ ০/৩০, আসিফ ০/৩৯, আজহার ০/২২, মালিক ০/৩৪)। পাকিস্তান: ৪৮ ওভারে ২৫৬/৮ (আজহার ১, আসিফ ০, হাফিজ ২৭, শফিক ১, মালিক ৯৬*, সরফরাজ ৯, রিজওয়ান ৮, ইয়ামিন ৬২, রিয়াজ ৩, ইয়াসির ৩২*; পানিয়াঙ্গারা ২/৪৪, জঙ্গুয়ে ১/৪১, উইলিয়ামস ০/৩৩, চিবাবা ১/৫৫, ক্রেমার ১/৮, নিয়ুম্বু ০/৩৮, চিগুম্বুরা ১/৩৩)।
ফল: জিম্বাবুয়ে ৫ রানে জয়ী (ডি/এল)
ম্যান অব দ্য ম্যাচ: এল্টন চিগুম্বুরা।