
গত শুক্রবার বাংলাদেশে পা রেখেছে জিম্বাবুয়ে দল। অথচ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হলো কিনা মাত্রই গতকাল! মজার ব্যাপার, মাঝের এই কদিনে কিন্তু জিম্বাবুয়ের কোচ-অধিনায়ক বা অন্য ক্রিকেটাররা মুখে কুলুপ এঁটে বসে থাকেননি। তিন দিনের প্রস্তুতি ম্যাচ শুরুর আগের দিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ব্রেন্ডন টেলর। ম্যাচের দ্বিতীয় দিন কথা বলেছিলেন কোচ স্টিভেন ম্যাঙ্গোঙ্গো। গত পরশু ম্যাচ শেষে টেলর আবার জানিয়েছেন তাঁর ভাবনা। এবার সফরের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গতকাল আবারও সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন জিম্বাবুয়ে কোচ-অধিনায়ক।
সব কটি কথোপকথন থেকে একটি মিলের জায়গা চোখে পড়ছে আলাদা করেই—প্রস্তুতি। তিন দিনের ম্যাচের বিসিবি একাদশের অনিয়মিত স্পিনাররাও মুড়ি-মুড়কির মতো উইকেট পেয়েছেন। অথচ প্রথম দিন শেষে মুখে হাসি নিয়ে ওয়ানডে অধিনায়ক এলটন চিগুম্বুরা অবলীলায় বলে দিলেন, ‘এসবে চিন্তিত নই আমরা, আসল প্রস্তুতি দেশ থেকেই নিয়ে এসেছি।’ পরে টেলর-ম্যাঙ্গোঙ্গোও আলাদা করে বলেছেন দেশ থেকে নিয়ে আসা প্রস্তুতির কথা। কালও কোচ-অধিনায়কের কথায় আবার ঘুরেফিরে এল সেই প্রস্তুতি।
বাংলাদেশে আসার আগে এক মাসের কঠিন এক ক্যাম্প করে এসেছে জিম্বাবুয়ে। ফিটনেস-স্কিল নিয়ে কাজ করা হয়েছে। নিজেদের মধ্যে ম্যাচ খেলেছেন টেলর-মাসাকাদজারা, প্রতিদ্বন্দ্বিতার আমেজের জন্য বিশেষভাবে তিনটি প্রথম শ্রেণির ম্যাচও আয়োজন করা হয়েছিল। সব মিলিয়ে প্রস্তুতিটা যতটা সম্ভব নিখুঁত হয়েছে বলেই আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে কোচ, ‘প্রস্তুতিটা দারুণ নিয়েছি আমরা। এমনিতে চ্যালেঞ্জ অনেক আমাদের। অনেক দিন আমরা তিন ম্যাচের সিরিজ খেলি না। বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে খেলাও চ্যালেঞ্জ। দেশের মাটিতে টাইগাররা সমীহ-জাগানিয়া দল। সেটা খুব ভালোভাবেই জানা আছে আমাদের। সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে তাই নিজেদের সেরাটা দিতে হবে আমাদের। তবে যেভাবে প্রস্তুতি নিয়েছি আমরা, সেটাই আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।’
টেস্ট আঙিনায় ১৮ বছরের পদচারণে ৩ ম্যাচের সিরিজ খেলেছে জিম্বাবুয়ে ৬টি। তবে সর্বশেষটি সেই ২০০১-০২ সালে। ক্রিকেটারদের ফিটনেসের বড় একটি পরীক্ষা নেবে তাই এই সিরিজ। কন্ডিশন তো বড় একটা চ্যালেঞ্জ হয়েই আছে টেলরদের জন্য। যদিও টেলর নিজে, হ্যামিল্টন মাসাকাদজা ও চিগুম্বুরা—জিম্বাবুয়ের মূল তিন ক্রিকেটারই খেলে গেছেন বিপিএল ও ঢাকা লিগে। এমনকি এই দলের সিকান্দার রাজা, ভুসি সিবান্দারাও খেলেছেন গত ঢাকা লিগে। তবে বাস্তবতাটা জানেন বলেই এটিকে খুব বড় সুবিধা হিসেবে দেখছেন না টেলর, ‘আমরা অনেকেই খেলেছি এখানে। কিন্তু আমাদের দেশের চেয়ে কন্ডিশন অনেক ভিন্ন এখানে, মানিয়ে নিতে সব সময়ই খানিকটা সময় লাগে। বিশেষ করে বিশ্বের সেরা সব বাঁহাতি স্পিনারদের বিপক্ষে তাদের মাটিতে খেলা সব সময়ই কঠিন। তবে দল হিসেবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। ট্রেনিংয়ে সবগুলো দিকই ছুঁয়েছি আমরা। আশা করি, মাঠে সেটার প্রতিফলন পড়বে।’
বাঁহাতি স্পিনের কথা টেলর নিজেই বললেন, অতীতে তো কম ভুগতে হয়নি! বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের স্পিনই হতে যাচ্ছে জিম্বাবুয়ের মূল চ্যালেঞ্জ। দেশে জিম্বাবুয়ের প্রস্তুতির বড় একটা অংশ জুড়ে ছিল তাই স্পিন খেলা, জানালেন অধিনায়ক, ‘জিম্বাবুয়েতে খুব কার্যকর একটি স্পিন ক্যাম্প করে এসেছি আমরা। স্পিন খেলার কৌশলগুলোই ছিল যেখানে মুখ্য। এ ছাড়া সম্প্রতি অনেক ক্রিকেটও খেলেছি আমরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ, পরে ত্রিদেশীয় সিরিজ। সবাই বেশ তরতাজা, ম্যাচ ফিট। এখন মাঠে নামার জন্য উন্মুখ।’
সিরিজের আবহ সংগীতও আসলে এটিই। বাংলাদেশের স্পিন কীভাবে সামলায় জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা। এই লড়াইয়ের ফলই হয়তো ঠিক করে দেবে সিরিজের ভাগ্য!