জিম্বাবুয়ের লক্ষ্য ৪৪৯

লিড সাড়ে ৩০০ পেরোনোর পর থেকেই আকুল অপেক্ষা। কখন ইনিংস ঘোষণা করবেন অধিনায়ক মুশফিকুর রহিম। আগ্রগামিতা ৪০০ পার হয়ে যাওয়ার পরও যখন ইনিংস ঘোষণাটা এলো না, তখন অনেকের মধ্যেই প্রচ্ছন্ন হতাশা। চতুর্থ ইনিংসে জিম্বাবুয়েকে অলআউট করার সময়টুকু কি পাবেন বাংলাদেশের বোলাররা?
ইনিংস ঘোষণাটা এলো আরও একটু পরে। দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে ৩১৯ রান তুলেই নিজেদের নিরাপদ মনে করলেন মুশফিকুর রহিম। চট্টগ্রাম টেস্ট জিততে জিম্বাবুয়েকে করতে হবে ৪৪৯। দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৭১।
টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ১৬২ রান তাড়া করে জয়ের ইতিহাস আছে জিম্বাবুয়ের। সে হিসেবে ৪৪৯ রানকে ‘নিরাপদ’ই ভাবতে পারেন বাংলাদেশ অধিনায়ক।
দ্বিতীয় ইনিংসে আলো হয়ে জ্বলেছে মুমিনুল হকের ব্যাট। তাঁর চতুর্থ টেস্ট সেঞ্চুরিতে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার সম্ভাবনা উজ্জ্বল করেছে বাংলাদেশ। ১৮৯ বল খেলে ১৩ চারে ১৩১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বাংলাদেশের এই ‘লিটল মাস্টার’।
আজ সেঞ্চুরি করে দারুণ এক রেকর্ডের মালিক হয়েছেন এই মুমিনুল। দেশের পক্ষে আর কোনো ক্রিকেটারই মাত্র ১২টি টেস্ট খেলে চারটি সেঞ্চুরি নিজের করে নিতে পারেননি—এদিক দিয়ে মুমিনুল অনন্য, অসাধারণ।
মুমিনুলের সেঞ্চুরির পাশাপাশি ৬৫ রানের দারুণ এক ইনিংস এসেছে তামিম ইকবালের ব্যাট থেকে। দারুণ ব্যাট করা তামিমের ইনিংসটির সমাপ্তি অবশ্য খুব একটা ভালো হয়নি। মুশাঙ্গুয়ের বলটি যেভাবে তামিমের ব্যাটের প্রতিরোধ ভেদ করল, সেটা কোনোভাবেই তাঁর পরিশ্রমলব্ধ ইনিংসটির সঙ্গে মেলে না। এদিক দিয়ে দুর্ভাগ্যই বলতে হবে তামিমের।
তামিম ৬৫ রান করেছেন ১৪২ বল খেলে ১৮১ মিনিট উইকেটে থেকে। তাঁর মতো মারকুটে ব্যাটসম্যানের ব্যাট বাউন্ডারির আনন্দে হেসেছে মাত্র চারবার। কী অসম্ভব ধৈর্য ও মমতা দিয়ে তিনি তাঁর ইনিংসটি সাজিয়েছিলেন, বোঝা যায় এই পরিসংখ্যান থেকেই।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নিজেকে পুরোপুরিই বদলে ফেলেছেন এই তামিম। ঢাকা টেস্টে ব্যর্থতার পর খুলনা ও চট্টগ্রামে তিনি নিজেকে যেভাবে মেলে ধরলেন, তা এক কথায় অনন্য। সাম্প্রতিক ব্যর্থতায় তাঁর নিন্দুকদের সংখ্যা যেভাবে ক্রমাগত বেড়ে চলেছিল, তাতে এই সিরিজের পারফরম্যান্স তামিমের জন্য দারুণ অনুপ্রেরণার উৎস হয়েই থাকবে।
মুমিনুল-তামিমের জুটিতে রান আসে ১১৩। তামিমের বিদায়ের পর উইকেটে আসা মাহমুদউল্লাহ খুব দ্রুতই ৩০ রান করে পানিয়াঙ্গারা-মুতুমবামি যুগলের কাছে আত্মসমর্পণ করেন তিনি। মাহমুদউল্লাহর সঙ্গে মুমিনুলের জুটিতে আসে ৫৫ রান। সাকিব আল হাসান বিদায় নেন ১৭ রান করেই। বিদায়ের আগে অবশ্য ওই মুমিনুলের সঙ্গেই গড়ে যান ৩৩ রানের জুটি। ইনিংসে শেষ প্রলেপটা দেন অধিনায়ক মুশফিকুর রহিম মুমিনুলেরন সঙ্গী হয়ে। খুব দ্রুত ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে তিনিই বাংলাদেশের লিড নিয়ে যান ৪০০-র কোটায়। বাংলাদেশ অধিনায়ক আউট হন ফিফটি থেকে ৪ রান দূরে।
দিনের শুরুটা অবশ্য একেবারেই ভালো করতে পারেনি বাংলাদেশ। শুরুতেই সাজঘরে ফিরেছিলেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস। পানিয়াঙ্গারার বলে উইকেটের পেছনে মুতুমবামির হাতে ধরা পড়েন তিনি।
জিম্বাবুয়ের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন পানিয়াঙ্গারা ও মুশাঙ্গুয়ে। সিকান্দার রাজার দখলে গেছে একটি উইকেট।
৪৪৯ রান তাড়া করতে নেমে শুরুতেই ব্রায়ান চারির উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। তিনি রুবেল হোসেনের বলে এলবির শিকার হন। ডিআরএসের আবেদন করবেন কি করবেন না, এনিয়ে ভাবতে ভাবতেই ১৫ সেকেন্ড শেষ করে ফেলে তা থেকে বঞ্চিত হন চারি। পরে টেলিভিশন রিপ্লেতে অবশ্য দেখা গেছে সিদ্ধান্তটি বেশ কঠোরই ছিল জিম্বাবুইয়ান দলের জন্য।
আপাতত হ্যামিল্টন মাসাকাদজা ও সিকান্দার রাজা জবাবটা ভালোই দিচ্ছেন বাংলাদেশকে। শেষ বিকেলে ফ্লাড লাইটের আলোয় তাঁদের সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ১ উইকেটে ৭১ রান। মাসাকাদজা ২৫ ও রাজা ৪২ রানে অপরাজিত আছেন।
কাল শেষ দিনে বাংলাদেশি স্পিনাররা কী জ্বলে উঠতে পারবেন?