জিম্বাবুয়ের সামনে 'বহুজাতিক' আমিরাত
বিশ্বকাপের সবচেয়ে বয়সী ক্রিকেটার এই দলে। আছেন ভারতীয়, পাকিস্তানি, শ্রীলঙ্কান বংশোদ্ভূত ক্রিকেটাররা। নিজেদের দেশে তাঁরা খেলতেন একসময়, পরে থিতু হয়েছেন এই মরুর দেশেই। সংযুক্ত আরব আমিরাত দলে তাঁদের ‘নিজস্ব’ ক্রিকেটার আছেন মোটে তিনজন! নাহ্, ‘শৌখিন’ কোনো দল নয়, রীতিমতো বিশ্বকাপের (১৯৯৬) পূর্বাভিজ্ঞতাসম্পন্ন দল তারা। শারজা, দুবাই, আবুধাবির মতো ক্রিকেট ভেন্যুতে প্রসিদ্ধ এই দেশের এবারের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে কাল ভোরে, নেলসনে জিম্বাবুয়ের বিপক্ষে।
জিম্বাবুয়ে বিশ্বকাপে খেলে ফেলেছে একটি ম্যাচ, দক্ষিণ আফ্রিকার ৩৩৯ রান তাড়া করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজা আর চামু চিবাবার ব্যাট স্বপ্নও দেখাচ্ছিল তাদের। মাঝপথে খেই হারিয়ে হয়নি দক্ষিণ আফ্রিকা-বধের স্বপ্নপূরণ। সে ম্যাচে আট বোলারকে দিয়ে বল করিয়েছিলেন অধিনায়ক এল্টন চিগুম্বুরা, তবে ‘ডেথ ওভার’-এ বোলিংয়ের মতো জুতসই বোলারদের খুঁজে পাননি। শেষ ১০ ওভারে ১৪৬ রান গুনেছিল জিম্বাবুয়ে। আরব আমিরাত প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে প্রায় জিতেই গিয়েছিল। তবে অস্ট্রেলিয়ার কাছে অনুমিতভাবেই পাত্তা পায়নি।
অবশ্যম্ভাবিতভাবেই, দুই দলে বিশ্বকাপ জয়ের স্বাদ নেই কোনো ক্রিকেটারের। তবে দুদলের কোচেরই আছে সেই অভিজ্ঞতা। বিশ্বকাপের আগ দিয়ে ডেভ হোয়াটমোর দায়িত্ব নিয়েছেন জিম্বাবুয়ের, আর আকিব জাভেদ আমিরাতের সঙ্গে আছেন আজ বছর দুয়েক। আকিব ১৯৯২-এর বিশ্বকাপজয়ী পাকিস্তানি দলের সদস্য, হোয়াটমোর শ্রীলঙ্কাকে কোচ হিসেবেই জিতিয়েছিলেন ১৯৯৬-এর বিশ্বকাপ।
আইরিশরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গ্রুপ ‘বি’-এর লড়াইটা প্রায় উন্মুক্ত করে দিয়েছে। জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচটিকেও তাই রাখতে হবে নজরের মধ্যেই। তথ্যসূত্র: ক্রিকইনফো, এএফপি।