জিম্বাবুয়ের হোয়াটমোর-দীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা, বাংলাদেশের পর পাকিস্তানেরও কোচ হয়েছিলেন ডেভ হোয়াটমোর। সেই হোয়াটমোর এখন জিম্বাবুয়ের তাঁবুতে। সুযোগটা ছাড়বেন কেন এলটন চিগুম্বুরারা! ব্রিসবেনে আজকের ম্যাচের আগে কোচের মাধ্যমেই পাকিস্তানের ক্রিকেটারদের নাড়ি-নক্ষত্র জেনে নিচ্ছে জিম্বাবুয়ে দল।
২০১২ সালের মার্চ থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানের কোচ থাকা হোয়াটমোর জিম্বাবুয়ের দায়িত্ব নিয়েছেন গত ডিসেম্বরে বাংলাদেশ সফর শেষে। ৬০ বছর বয়সী এই কোচ নতুন ছাত্রদের তখন থেকেই ধারণা দিতে শুরু করেন পাকিস্তানের খেলোয়াড়দের সম্পর্কে। জিম্বাবুয়ের অধিনায়ক চিগুম্বুরা জানালেন, ‘তিনি (হোয়াটমোর) পাকিস্তান দলের প্রায় সবাইকে চেনেন। পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছেন, খেলোয়াড় চেনা বা পরিকল্পনা সাজানোর ক্ষেত্রে দলে এমন একজনকে পাওয়া সব সময়ই ভালো।’ পাকিস্তানের ক্রিকেটারদের ‘গোপন দুর্বলতা’গুলো ফাঁস করে দিয়েই জিম্বাবুয়ের ক্রিকেটারদের সেই উপকারটা করছেন হোয়াটমোর। ‘আমরা অনেক তথ্য পেয়েছি। এখন শুধু সেগুলো কাজে লাগানোর পালা’—পাকিস্তানের মুখোমুখি হতে যেন তর সইছে না চিগুম্বুরার! এএফপি।