জিম্বাবুয়ের 'সাহসে'র প্রশংসা করলেন আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ে দল এখন পাকিস্তানে। ছবি: এএফপি
জিম্বাবুয়ে দল এখন পাকিস্তানে। ছবি: এএফপি

ছয় বছরের খরা কাটতে যাচ্ছে অবশেষে। ২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কা দলের বাসের ওপর সেই সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট মুখ ফিরিয়ে নিয়েছিল পাকিস্তান থেকে। নিরাপত্তাসংক্রান্ত নানা জটিলতা পেরিয়ে আজ দুপুরে পাকিস্তানে পা দিয়েছে জিম্বাবুয়ে দল। দীর্ঘ দিন পর কোনো টেস্ট খেলুড়ে দলের আগমনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পাকিস্তান ক্রিকেট-সংশ্লিষ্টরা। শহীদ আফ্রিদি তো রীতিমতো প্রশংসায় ভাসালেন সফরকারীদের।

পাকিস্তান ​টি-টোয়েন্টি অধিনায়কের ভাষায় ছয় বছরের ‘শরৎ’ পেরিয়ে বসন্ত এসেছে পাকিস্তান ক্রিকেটে, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ​ফিরতে দেখে ভীষণ খুশি। যেন ছয় বছরের শরৎ​ শেষে বসন্ত এসেছে ক্রিকেটে।’ নিরাপত্তা সমস্যা কারণে অন্য দলগুলো পাকিস্তানে যেতে আপত্তি জানালেও জিম্বাবুয়ে প্রথম যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আফ্রিদি তাই বললেন, ‘জিম্বাবুয়ের দলের সাহস প্রশংসা করার মতো। তারা আমাদের সমর্থকদের আনন্দের উপলক্ষ তৈরি করেছে। তারা বহুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অপেক্ষা করছে।’
পাকিস্তানে খেলতে রাজি হওয়ায় জিম্বাবুয়ে দলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারও, ‘প্রথমত, ওরা যা করছে সেটা খুবই মহৎ কাজ। ওরা নিজে থেকেই সব রকম ঝুঁকি নিয়েছে। এ জন্য তাদের অভিনন্দন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’ তবে শোয়েবের ভেতরও চাপা উদ্বেগে আছে। সেটি গোপনও করেননি, ‘আমি চাই ওদের সফরটা নিরাপদ হোক। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অন্য অনেকের মতো আমিও কিছুটা ভীত। সবার মতোই আমিও তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এটা একটা বড় পদক্ষেপ। কিন্তু সফরটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমার এই উদ্বেগ ও ভয় থাকবে। পুরো পাকিস্তানের মতো আমিও ওদের নিরাপত্তার জন্য প্রার্থনা করব।’ তথ্যসূত্র: এএফপি, ক্রিকইনফো, উইজডেন ইন্ডিয়া।