জিম্বাবুয়ে এবং ইবোলা সতর্কতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেড় মাসের দীর্ঘ সফরে আজ বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তাদের স্বাগত জানাতে বিসিবির কেউ না কেউ তো উপস্থিত থাকবেনই বিমানবন্দরে। তবে ব্রেন্ডন টেলরের দলকে ‘স্বাগত’ জানাবে একটি চিকিৎসক দলও। আফ্রিকায় মহামারি আকার ধারণ করা ইবোলা ভাইরাস জিম্বাবুয়ে দলের কেউ বহন করে আনছেন কি না, বিমানবন্দরেই সেই পরীক্ষা হয়ে যাবে।
এমন নয় যে জিম্বাবুয়ে দলের জন্যই এই বিশেষ ব্যবস্থা। বিশ্বব্যাপী ইবোলা-সম্পর্কিত সতর্কতা জারির অংশ হিসেবে বাংলাদেশ সরকারও বিমানবন্দরে আফ্রিকা থেকে আসা যাত্রীদের স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করেছে। সেই পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে টেলরের দলকেও। অবশ্য বিদেশি ক্রিকেট দলগুলো যেহেতু সব সময় ভিআইপি মর্যাদা পেয়ে থাকে, জিম্বাবুয়ের খেলোয়াড়দের জন্যও বিশেষ ব্যবস্থা থাকবে।