জিম্বাবুয়ে দলের স্পনসর ওয়ালটন
এর আগে বিদেশের মাটিতে সিরিজ স্পনসর করেছে বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান। শুনে বিস্মিত হতে পারেন, এবার বিদেশি দলের গায়েও দেখতে পাবেন বাংলাদেশি প্রতিষ্ঠানের লোগো!
ঢাকায় ৭ নভেম্বর থেকে শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির সিরিজে যৌথভাবে জিম্বাবুয়ে দলের অফিশিয়াল টিম স্পনসর হয়েছে বাংলাদেশভিত্তিক ওয়ালটন গ্রুপের ওয়ালটন ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড যুক্তরাজ্য ও ওয়ালটন ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের আফ্রিকা উইং।
শুনে ভাবতে পারেন, হঠাৎ করে বাংলাদেশ ফেলে বিদেশি দলের পেছনে কেন ছুটতে শুরু করল ওয়ালটন গ্রুপ? ব্যাখ্যাটা দিলেন ওয়ালটন ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের প্রধান উদয় হাকিম, ‘ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পাশে সব সময়ই থাকবে ওয়ালটন। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে বাজার সম্প্রসারণের জন্য সেসব দেশের ক্রিকেটের সঙ্গেও সম্পৃক্ত হওয়ার ইচ্ছা আছে আমাদের।’