জিম্বাবুয়ে সিরিজ টি-টোয়েন্টিরই
জানুয়ারির বাংলাদেশ সফরে শুধু পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চায় জিম্বাবুয়ে। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি থেকে পাল্টা প্রস্তাব গেছে এক টেস্ট আর তিন টি-টোয়েন্টির সিরিজের। তবে পরিস্থিতিটা জিম্বাবুয়ে ক্রিকেটের অনুকূলে। আসন্ন সিরিজটা তাই শুধু টি-টোয়েন্টির হওয়ার সম্ভাবনাই বেশি।
বিসিবিকে জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, ১৪ জানুয়ারির আগে তাদের পক্ষে বাংলাদেশে দল পাঠানো সম্ভব নয়। এ ছাড়া বিসিবির সম্প্রচার স্বত্ব পাওয়া টেলিভিশন চ্যানেলেরও নাকি জানুয়ারির শেষ দিকে ক্রু-সংকট থাকবে। ২৫ জানুয়ারির পর টেলিভিশন ক্রুদের পূর্বনির্ধারিত সূচি আছে বলে ওই সময় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে কাজ করা তাঁদের পক্ষে সম্ভব হবে না। এখন জিম্বাবুয়ে দল যদি ১৪ জানুয়ারি বাংলাদেশে আসে এবং ২৫ জানুয়ারির মধ্যে সিরিজ শেষ করতেই হয়, তিন টি-টোয়েন্টি ম্যাচের সঙ্গে এক টেস্ট খেলার আর সুযোগ কোথায়?
জিম্বাবুয়ে সিরিজে অন্তত একটি টেস্ট খেলার দাবিতে সোচ্চার বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাঈমুর রহমানও এই বাস্তবতা মেনে নিচ্ছেন, ‘আমরা সব সময়ই টেস্ট খেলতে চাই। তবে ব্রডকাস্টাররা নাকি বলেছেন ২৫ জানুয়ারির মধ্যে সিরিজ শেষ করতে হবে। এ ছাড়া জিম্বাবুয়েও ১৪ তারিখের আগে আসতে পারবে না। তার মানে ১০-১১ তারিখের পরিবর্তে সিরিজ এখন শুরু হবে ১৫-১৬ তারিখে। টেস্ট খেলার মতো পর্যাপ্ত সময় হয়তো পাওয়া যাবে না।’
শুধু টি-টোয়েন্টি ম্যাচ খেলার আভাস দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও। জিম্বাবুয়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ বা অন্য কোনো দেশের অংশগ্রহণে সিরিজটা ত্রিদেশীয় হয়ে যেতে পারে বলেও জানিয়েছেন তিনি। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অবশ্য এর মধ্যেই টি-টোয়েন্টির সমুদ্রে গা ভাসাতে শুরু করেছে বিসিবি। ৩ জানুয়ারি থেকে শুরু অনুশীলন ক্যাম্পের জন্য ক্রিকেট পরিচালনা প্রধানের কাছে নির্বাচকদের দেওয়া ২৭ সদস্যের দলটি শুধু টি-টোয়েন্টির কথা মাথায় রেখেই করা হয়েছে। শুধু টেস্টেই নিয়মিত, এমন খেলোয়াড়দের কেউ নেই দলে।