জিম্বাবুয়ে সিরিজে ডিআরএস
জিম্বাবুয়ের সঙ্গে দেশের মাটিতে প্রথমবার তিন টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। অক্টোবর-নভেম্বরের ওই সিরিজে আরেকটি প্রথমের সঙ্গেও পরিচয় হবে দেশের ক্রিকেটের। এই সিরিজে থাকবে ডিসিশান রিভিউ সিস্টেম (ডিআরএস)। আম্পায়ারদের ভুল ক্রিকেটেরই অংশ। তবে বাংলাদেশ কেন জানি বরাবরই ভুল সিদ্ধান্তের শিকার বেশি হয়। এই ভাবনা থেকেই মূলত ডিআরএস রাখার পরিকল্পনা। ২৬ আগস্টের বোর্ড সভায় একরকম সিদ্ধান্তই হয়ে গেছে এটি। সঙ্গে সিদ্ধান্ত হয়েছে দেশের মাটিতে এসজি বলে খেলার।
বিসিবির ক্রিকেট পরিচালনা-প্রধান আকরাম খান অবশ্য এখনই শতভাগ নিশ্চিত করে দিতে চান না, ‘বোর্ড সভায় দুটি ব্যাপারেই আলোচনা হয়েছে এবং ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। তবে এখনই চূড়ান্ত কিছু বলে দেওয়ার সময় হয়নি।’ ভাবনায় খুব বেশি পরিবর্তন না এলে জিম্বাবুয়ে সিরিজে ডিআরএস থাকা প্রায় নিশ্চিত। তবে পূর্ণাঙ্গ ডিআরএস নয়। হটস্পট ক্যামেরা থাকবে না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বাইরে ব্যয়বহুল হটস্পট দেখাও যায় না প্রায়। বাকি দেশগুলোর মতো ন্যূনতম মানদণ্ড মেনে রাখা হবে ডিআরএস।
এসজি বলে খেলার দাবিটি মূলত বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শুধু ভারতেই খেলা হয় এসজি বলে। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে খেলা হয় ডিউক বলে। বাকি দেশগুলোর মতো বাংলাদেশেও এত দিন আন্তর্জাতিক ক্রিকেট হয়ে এসেছে কোকাবুরা বলে। এখন কোচ চন্ডিকা হাথুরুসিংহে চান এসজি বলে খেলতে। অধিনায়কসহ দলের অনেকেই নাকি চান। দাবির পক্ষে আকরামের যুক্তি, ‘এসজি বলে রিভার্স সুইং একটু বেশি হয়। তা ছাড়া আরও অনেক কিছু মিলিয়ে কোচের ধারণা, এই বলে খেললে আমাদের সুবিধা হবে। আর দলের ভালোর জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত আছি।’