জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচের পুনর্মঞ্চায়নই হলো তৃতীয়টিতেও। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। এরপর অম্বাতি রায়ডু (১২৪*) ও রজার বিনি (৭৭) মিলে ভারতকে এনে দেন ২৫৫ রান। কাল হারারেতে ৮২ রানেই নেই ভারতের প্রথম ৪ উইকেট, এরপরও ভারত করল ৫ উইকেটে ২৭৬। এবার হাল ধরলেন মনীশ পান্ডে (৭১) ও কেদার যাদব (১০৫*)। তবে পার্থক্য হলো জয়ের ব্যবধানে। দুর্দান্ত লড়াই করে প্রথম ম্যাচটা মাত্র ৪ রানে হেরেছিল জিম্বাবুয়ে। কাল ১৯৩ রানে অলআউট হয়ে ৮৩ রানের বড় হার। খর্বশক্তির দল নিয়ে অধিনায়কত্বের প্রথম মিশনেই প্রতিপক্ষকে ধবলধোলাই করার স্বাদ পেলেন অজিঙ্কা রাহানে।
দলের জয়ে কাল অবশ্য অধিনায়কের অবদান সামান্যই। প্রথম দুই ম্যাচে করেছিলেন ৩৪ ও ৬৩, এবার ১৫ রানেই ফিরেছেন রাহানে। মুরালি বিজয়, মনোজ তিওয়ারি ও রবিন উথাপ্পারাও ব্যর্থ হওয়ার পর অভিষিক্ত পান্ডেকে নিয়ে ১৪৪ রানের জুটি যাদবের। পান্ডের ৭১ ওয়ানডে অভিষেকে ভারতের হয়ে চতুর্থ সর্বোচ্চ। নিজের তৃতীয় ম্যাচেই সেঞ্চুরি করে ম্যাচসেরা যাদব। ৮৭ বলের ইনিংসটিতে ছিল ১২টি চার ও ১টি ছয়। জিম্বাবুয়ের ইনিংসে একাই লড়েছেন চামু চিবাবা (৮২)। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান রেজিস চাকাভার।
চোট পেয়ে দ্বিতীয় ম্যাচের পরই সফর শেষ হয়ে গেলেও সিরিজ-সেরার পুরস্কারটা পেয়েছেন অম্বাতি রায়ডুই।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুলাই থেকে। ক্রিকইনফো, টেনক্রিকেট।