জিম্বাবুয়ে 'দলে' এনটিনি-আতাপাত্তু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা খুব বাজে যাচ্ছে জিম্বাবুয়ের। আফগানিস্তানের মতো দলের সঙ্গেও পেরে উঠছে না ১৯৯২ সালে টেস্ট মর্যাদা পাওয়া দেশটি। আইসিসির সহযোগী এই সদস্যদেশটির কাছে ওয়ানডে সিরিজ খোয়ানোর পর টি-টোয়েন্টি সিরিজেও হার। গত তিন মাসে চারবার আফগানদের কাছে সিরিজ হারের লজ্জায় পড়তে হয়েছে। দুবার ওয়ানডেতে, দুবার টি-টোয়েন্টিতে!
এমন অবস্থা থেকে নিজেদের বের করে নিয়ে আসতে চায় জিম্বাবুয়ে। ডেভ হোয়াটমোরকে এক বছর আগেই প্রধান কোচের পদে বসানো হয়েছে। এবার বোলিং কোচ ও ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন মাখায়া এনটিনি ও মারভান আতাপাত্তু।
দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার এনটিনি দায়িত্ব নেবেন ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক আতাপাত্তু বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই জিম্বাবুয়ের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন।
এনটিনি ও আতাপাত্তু—দুজনই ক্রিকেটের খুব বড় নাম। দুজনই নিজ নিজ দেশের সেরাদের একজন। দেখা যাক, সেরাদের ছোঁয়ায় নিজেদের সেরাটা জিম্বাবুয়ে ফিরে পায় কি না। ক্রিকইনফো।