জিম্বাবুয়েও টেস্ট খেলছে, বসে আছে বাংলাদেশ!

শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও ইংল্যান্ড এখন ব্যস্ত টেস্ট সিরিজ নিয়ে। বসে নেই জিম্বাবুয়েও। ঘরের মাঠে তারা নিউজিল্যান্ডের সঙ্গে খেলছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকা আপাতত খেলার বাইরে থাকলেও এ মাসের ১৯ তারিখ থেকে তারাও ব্যস্ত হয়ে পড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বসে থাকবে শুধু বাংলাদেশই।
বাংলাদেশ দল সর্বশেষ টেস্ট খেলেছে গত বছর জুলাইয়ে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সব ধরনের ক্রিকেট থেকেই দূরে আছে জাতীয় দল। তবে অক্টোবরের ইংল্যান্ড সিরিজের জন্য ২০ জুলাই থেকে শুরু হয়েছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস নিয়ে কাজ চলছে সেখানে। কিন্তু মাঠে খেলা না থাকলে কী আর খেলোয়াড়দের ভালো লাগে! স্বাভাবিকভাবেই লম্বা বিরতিটা ভালো লাগছে না পেসার আল আমিনের। জিম্বাবুয়েকেও টেস্ট খেলতে দেখে সেই জ্বালা যেন আরও বেড়ে গেছে তাঁর, ‘প্রথম ইনিংসে (নিউজিল্যান্ডের বিপক্ষে বুলাওয়ে টেস্টে) ৭২ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল জিম্বাবুয়ের। এরপর মনে হয় ১৬২ না ১৭২ রানে (১৬৪) অলআউট হয়ে গেছে। ওরা তো এখন আমাদের চেয়ে অনেক নিচে চলে গেছে। জিম্বাবুয়েকে আমরা বলে-কয়ে হারাতে পারি। বিশ্বকাপের পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং এশিয়া কাপে ভালো খেলার পরও বড় একটা বিরতিতে পড়ে গেছি আমরা। আমরা খেলতে পারছি না।’
আল আমিনের মতো দীর্ঘ এই বিরতিটা বিরক্তিকর লাগার কথা জাতীয় দলের সব খেলোয়াড়েরই। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তো কয়েক দিন আগেই প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেই ফেলেছেন, ‘আমরা সর্বশেষ টেস্ট খেলেছি গত আগস্ট মাসে। এরপর এখন পর্যন্ত একটাও টেস্ট খেলিনি। এভাবে খেললে কারও পক্ষেই ভালো করা সম্ভব নয়।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের সামনে যে লম্বা বিরতি থাকবে, তা জানাই ছিল। তবুও কেন বিরতিটা কাজে লাগানো যায়নি, সেটি এক প্রশ্ন। অনিশ্চয়তার দোলাচলে দুলতে থাকা ইংল্যান্ড সিরিজ ঠিকঠাক আয়োজন না হলে বিরতিটা আরও দীর্ঘ হবে মুশফিক-সাকিবদের জন্য।