জিম্বাবুয়েকে পেয়েই ঝলসে উঠলেন লিটন

লিটন দাস আজ দারুণ ব্যাটিং করেছেন।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টে দলে ফিরেই সেঞ্চুরি পেয়েছিলেন মাহমুদউল্লাহ। তাঁর মতো লম্বা সময় বাইরে না থাকলেও ওয়ানডে থেকে তো বাদ পড়েছিলেন লিটন দাসও। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে তিনি ফিরলেন, মাহমুদউল্লাহর মতো পেয়ে গেলেন সেঞ্চুরিও।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আজ হারারেতে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেছেন লিটন। মাইলফলকে যেতে তাঁর লেগেছে ১১০ বল। ওয়েসলি মাধেভেরেকে ফ্লিক করে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কে গেছেন।

অবশ্য ইনিংসটা এরপর বেশি দূর টানতে পারেননি। রিচার্ড এনগারাভাকে পুল করতে গিয়ে আগেভাগেই শট খেলে ফেলেছিলেন, মিডউইকেটে ওয়েলিংটন মাসাকাদজার হাতে ধরা পড়ে আউট হয়েছেন ১১৪ বলে ১০২ রান করে।

তবে এর আগে লিটন ইনিংসে গিয়ার বদলেছেন দারুণভাবে। ফিফটি করতে তাঁর লেগেছিল ৭৮ বল, ক্যারিয়ারে মন্থরতম ফিফটি ছিল সেটি তাঁর। এরপরের ৫০ রান করতে তাঁর লেগেছে মাত্র ৩২ বল। ইনিংসে লিটন মেরেছেন ৮টি চার।

লিটনের ওয়ানডে ক্যারিয়ারের ৪ সেঞ্চুরির তিনটিই এল জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২০ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই স্বপ্নের মতো এক সিরিজ কাটিয়েছিলেন লিটন, তিন ম্যাচের দুটিতেই করেছিলেন সেঞ্চুরি। দুই সেঞ্চুরির একটি ইনিংস আবার ছিল ১৭৬ রানের, যেটি ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।

তবে সে সিরিজের পরই ছন্দপতন হয়েছিল লিটনের। এরপর ৮ ইনিংসে একবারও ২৫ রান পেরোতে পারেননি। এই ৮ ইনিংসের মধ্যে তিনবার আউট হয়েছেন কোনো রান না করেই।

সেঞ্চুরির উদ্‌যাপন লিটনের।
ছবি: এএফপি

বাজে ফর্মের কারণে বাদই পড়েছিলেন দল থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে তাঁকে নেওয়া হয়নি। তাঁর জায়গায় সেদিন ওপেনিংয়ে খেলানো হয়েছিল মোহাম্মদ নাঈমকে।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে কদিন আগে লিটন সেঞ্চুরির খুব কাছে গিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে প্রস্তুতি ম্যাচে তামিম ইকবালের সঙ্গে ওপেন করেছিলেন নাঈমই, লিটন খেলেছিলেন চার নম্বরে। মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে লিটনের একাদশে ফেরার পথটা সহজ হয়ে যায়, তবে তাঁকে কোন পজিশনে খেলানো হবে, সেটি ম্যাচের আগে নিশ্চিত করেননি অধিনায়ক তামিম।

দারুণ কিছু শট খেলেছেন লিটন।
ছবি: এএফপি

শেষ পর্যন্ত তামিমের ওপেনিং সঙ্গী হলেন লিটনই। নাঈম জায়গাই পেলেন না একাদশে। অবশ্য ওপেনিংয়ে নেমে ওপাশে তামিমকে দ্রুতই ফিরতে দেখেছেন লিটন, অধিনায়ক ফিরেছিলেন বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়ে।

এরপর বাজে শটের মহড়ায় মেতেছিলেন সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেনরা। তবে মাহমুদউল্লাহকে নিয়ে পঞ্চম উইকেটে ৯৩ রানের জুটিতে বাংলাদেশকে চাপ থেকে উদ্ধার করেছেন লিটন।

উদ্ধার পেলেন নিজেও। ওয়ানডের ফর্মটা তো তাঁকেও চাপে ফেলে দিয়েছিল!