জিম্বাবুয়েতে আজ মাঠে নামবে 'এ' দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা থেকে সান্ত্বনার একমাত্র জয় নিয়ে বাংলাদেশ ‘এ’ দল এখন জিম্বাবুয়েতে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে প্রথম ৫০ ওভারের ম্যাচ খেলতে নামবে তারা।

সিরিজের বাকি দুটি ৫০ ওভারের ম্যাচ হবে ৪ ও ৬ নভেম্বর। এরপর ৯ নভেম্বর থেকে শুরু প্রথম চার দিনের ম্যাচ ও ১৫ নভেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। সব ম্যাচের ওই একই ভেন্যু। শুরুতে সিরিজটা বুলাওয়েতে হওয়ার কথা থাকলেও পরে হারারেতে হওয়ার সিদ্ধান্ত হয়।

দক্ষিণ আফ্রিকা থেকে যাওয়া দলটার সঙ্গে হারারেতেই দেখা হয়েছে ঢাকা থেকে যাওয়া দলের নতুন পাঁচ সদস্য তাসামুল হক, নাঈম ইসলাম, দেওয়ান সাব্বির, মুক্তার আলী ও সাকলাইন সজীবের। কাল রাতে মুঠোফোনে ম্যানেজার হাবিবুল বাশার জানালেন, ‘সবাই ভালো আছে। দক্ষিণ আফ্রিকায় শেষ ম্যাচটা জিতে আসায় হারানো আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরে পেয়েছে ছেলেরা।’

তবে জিম্বাবুয়ে সফর এবার কিছুটা ব্যতিক্রম হয়েই ধরা দিয়েছে জাতীয় দলের এই সাবেক অধিনায়কের কাছে, ‘এখানে এখন গ্রীষ্মকাল চলছে। এর আগে অনেকবারই তো জিম্বাবুয়ে এসেছি, এবারই মনে হচ্ছে সবচেয়ে বেশি গরম।’