জিম্বাবুয়েতে ফিরছেন টেলর

তাঁর অবসরের ঘোষণাটা একটা বিশাল ধাক্কা হয়ে এসেছিল জিম্বাবুয়ের জন্য। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের শেষ দুই ম্যাচে পরপর দুটি সেঞ্চুরি করেছিলেন ব্রেন্ডন টেলর। তারপর দেশে ফিরেই জাতীয় দল থেকে অবসর নিয়ে তিন বছরের কলপ্যাক চুক্তিতে চলে যান নটিংহামশায়ারে। তবে সেই চুক্তি শেষ হওয়ার আগেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জিম্বাবুইয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান। অবসর ভেঙে অক্টোবরেই আবারও খেলবেন জিম্বাবুয়ের হয়ে।
জিম্বাবুয়ে ক্রিকেটের অনিয়ম ও দুর্নীতি, একই সঙ্গে নিয়মিত পারিশ্রমিক না পাওয়ার কারণে দেশ ছেড়েছিলেন। আর্থিক নিরাপত্তার কথাই বেশি ভেবেছিলেন তখন। তবে স্ত্রী ও চার বছরের সন্তানকে জিম্বাবুয়েতে রেখে ইংল্যান্ডে খেলা কঠিন হয়ে দাঁড়িয়েছিল তাঁর জন্য। এ বছরের শেষ পর্যন্ত নটিংহামশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও ‘পারিবারিক কারণ’ দেখিয়ে আগেই সেই চুক্তিটি ভেঙে ফেললেন টেলর। দু-এক দিনের মধ্যেই দেশে ফেরার কথা তাঁর। তারপর দিন দশেক হারারেতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে যোগ দেবেন জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। অক্টোবরে হল্যান্ড, পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সবগুলো সিরিজেই খেলার সম্ভাবনা রয়েছে টেলরের।
এ মৌসুমে নটিংহামের টি-টোয়েন্টি ব্লাস্ট ও ওয়ানডে কাপ জয়ে বড় ভূমিকাই ছিল এই জিম্বাবুইয়ানের। তাঁকে ছেড়ে দিতে গিয়ে তাই একটু খারাপই লাগছে নটিংহামের পরিচালক মিক নিউওয়েলের, ‘এ মৌসুমে দারুণ অবদান রেখেছে ব্রেন্ডন। তাকে হারানো অবশ্যই হতাশার। কিন্তু যেহেতু পারিবারিক কারণ, তার এই সিদ্ধান্তকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে।’
ওদিকে টেলরের প্রত্যাবর্তনে দারুণ খুশি জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। জেডসির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি ব্রেন্ডন টেলর আবারও জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আবারও সে জিম্বাবুয়ের হয়ে খেলবে।’
১৬৭ ওয়ানডেতে ৫২৫৮ রান করা টেলরকে ফেরানোর পেছনে তাঁর একসময়ের সতীর্থ টাটেন্ডা টাইবুরও ভূমিকা আছে বলে মনে করা হচ্ছে। সাবেক অধিনায়ক টাইবু এখন জেডসির নির্বাচক কমিটির আহ্বায়ক। গত ছয় মাসে জিম্বাবুয়ে ক্রিকেটেও বেশ পরিবর্তন এসেছে। নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন হিথ স্ট্রিক। বোর্ডের প্রশাসনেও হয়েছে রদবদল। খেলোয়াড়দের বেতন-ভাতাও হয়েছে নিয়মিত। ধারণা করা হচ্ছে, এসব পরিবর্তনের কথা বলে টাইবুই জিম্বাবুয়েতে ফিরতে রাজি করিয়েছেন টেলরকে।
টেলরের দলে থাকাটা তো একরকম নিশ্চিতই করে দিয়েছেন টাইবু, ‘আমরা সবাই জানি ব্রেন্ডন কী দারুণ খেলোয়াড়। ওকে নতুন করে খুব বেশি দেখার দরকার নেই। আমরা কাউন্টিতে থাকার সময়ই ও কেমন খেলেছে সেটা দেখেছি। সে ফিরছে, আমরা এতেই আনন্দিত।’
টানা দুই সেঞ্চুরি করে অবসরের ঘোষণা দিয়েছিলেন। টেলরও নিশ্চয়ই চাইবেন প্রত্যাবর্তনটা সেভাবেই হোক। ক্রিকইনফো।