জিম্বাবুয়েতে 'এ' দলের নাটকীয় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারারেতেও হার এড়াতে পারল না জিম্বাবুইয়ানরা। মাত্র ১৪৪ রানের পুঁজি নিয়েও প্রথম চার দিনের ম্যাচটা নাটকীয়ভাবে জিতে নিল বাংলাদেশ ‘এ’। মোহাম্মদ শহীদের দারুণ বোলিংয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটা শুভাগত হোমের দল জিতেছে ১৪ রানে।
জিম্বাবুয়ে ‘এ’ দলের শেষ ব্যাটসম্যান ভিক্টর নয়াচির ফিরতি ক্যাচটি নিয়ে অধিনায়ক শুভাগতই সমাপ্তি টেনেছেন ম্যাচের। আউট হওয়ার আগে শেষ উইকেটে রায়ান বার্লের সঙ্গে ৩৪ রান যোগ করে বাংলাদেশ ‘এ’ দলকে চোখ রাঙাচ্ছিলেন নয়াচি। ৫৯ রানেই প্রথম ৮ উইকেট হারানো দলটির রান ততক্ষণে হয়ে গেছে ১২৯। এর আগে নাটসাই মুশাঙ্গুয়েকে (২৭) নিয়ে নবম উইকেটেও ৩৬ রান যোগ করেছিলেন বার্ল (৩৬*)। ওই জুটিটা ভাঙেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
৩ উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকদের শেষ দিনে দরকার ছিল ১২৩ রান। আগের দিন ৩ উইকেট নেওয়া পেসার মোহাম্মদ শহীদ দিনের তৃতীয় ও পঞ্চম ওভারে ভুসিমুজি সিবান্দা ও ডোনাল্ড তিরিপানোকে আউট করে পেয়ে যান ৫ উইকেট। ৪৫ রানে ৫ উইকেট—৩৪ ম্যাচের প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা বোলিংটা কালই করলেন জাতীয় দলের এই পেসার। প্রথম ইনিংসেও ৩ উইকেট নিয়েছিলেন শহীদ। ৪৬ রানে ৫ উইকেট হারানো জিম্বাবুইয়ানরা পরের ৩ উইকেট হারায় ১৩ রানে। ৩টি উইকেটই পেয়েছেন বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব।
একই ভেন্যুতে পরশু শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ।