জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে বিদ্রোহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের ক্রিকেট যেন ঘুরপাক খাচ্ছে দুঃসময়ের বৃত্তে। বাংলাদেশের কাছে টানা দুই টেস্ট হেরে তাদের নেমে দাঁড়াতে হয়েছে র্যাঙ্কিংয়ের তলানিতে। তৃতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশের দুর্দান্ত শুরু চোখ রাঙাচ্ছে ধবলধোলাইয়ের। চট্টগ্রামে বসেই সফরকারী দলটি শুনল আরেকটি দুঃসংবাদ। জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেট জবুথবু হয়ে পড়েছে খেলোয়াড়দের বিদ্রোহে।
গত ডিসেম্বরেই ক্রিকেটারদের খেলা বর্জনে প্রায় দুই মাস স্থবির হয়ে ছিল জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেট। সেবার ক্রিকেটাররা আন্দোলন করেছিলেন তাঁদের পাওনা টাকার দাবিতে। তবে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। গত জুলাইয়ে জিম্বাবুয়ে ক্রিকেট সিদ্ধান্ত নেয়, ৫৫ জন ক্রিকেটার বোর্ডের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পাবেন। এঁদের ১৫ জন থাকবেন কেন্দ্রীয় চুক্তিতে, আর বাকি ৪০ জন খেলোয়াড়ের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি হবে অংশ নেওয়া ম্যাচ সংখ্যার ভিত্তিতে। এ নিয়েই মূলত জিম্বাবুয়ে প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (জেডপিসিএ) অসন্তোষ। চুক্তিতে আরও বেশিসংখ্যক ক্রিকেটারের অন্তর্ভুক্তির দাবি তো আছেই। গত শুক্রবার বোর্ডের নেওয়া আরেকটি সিদ্ধান্তও ক্ষুব্ধ করে তুলেছে ক্রিকেটারদের। এদিন বোর্ড নির্ধারণ করেছে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নতুন বেতনকাঠামো। সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ১৫০০ ডলার এবং সর্বনিম্ন ৩০০ ডলার। এমনিতেই জিম্বাবুয়ের কঠোর করনীতির কারণে খেলোয়াড়দের আয়ের অর্ধেকই চলে যায় কর খাতে। তার ওপর নিজেদের চিকিৎসা বাবদ খরচের ৪০ ভাগই নাকি বহন করতে হবে নিজেদের!
এত সব অসন্তোষের জেরেই মৌসুমের প্রথম দিনে চারটি দলের কোনো ক্রিকেটারই মাঠেই নামেননি। জেডপিসিএর মুখপাত্র ইলিয়া জিমবা বলেছিলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মানা না হচ্ছে, ততক্ষণ আমাদের খেলা চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’ তবে এক দিনের এই ‘শোডাউন’ দেখিয়ে কালই আবার মাঠে নেমেছেন ক্রিকেটাররা। জিমবা জানিয়েছেন, তিনি বলেকয়ে ক্রিকেটারদের রাজি করিয়েছেন মাঠে নামতে। আগামীকাল বোর্ডের সঙ্গে আলোচনায় বসছে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। তার আগেই জেডপিসিএর মুখপাত্র হুমকি দিয়ে রেখেছেন, সমঝোতায় না পৌঁছালে ফের ক্রিকেট বর্জন করবেন খেলোয়াড়েরা! এএফপি, ক্রিকইনফো।