জিম্বাবুয়ের পাকিস্তান সফর নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে। সব কিছু ঠিক থাকলে এই মাসেই দুটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলতে জিম্বাবুয়ে পা রাখছে সন্ত্রাস-বিক্ষুব্ধ দেশটিতে। কিন্তু ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা) দারুণ উদ্বিগ্ন এই সফর নিয়ে। সংগঠনটি বলেছে, পাকিস্তান সফরে যেহেতু ঝুঁকির মাত্রাটা সব সময়ই বেশি, তাই এই সফর অগ্রহণযোগ্য ও উদ্বেগের।
ফিকার নির্বাহী সভাপতি টনি আইরিশ একটি বার্তা সংস্থার কাছে পাঠানো মেইলে জিম্বাবুয়ের পাকিস্তান সফরের ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন, ‘আমরা খুবই উদ্বিগ্ন। আমরা উদ্বিগ্ন পাকিস্তান সফরে জিম্বাবুয়ের খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের নিরাপত্তার ব্যাপারে।’
নিজেদের নিরাপত্তা বিশ্লেষকদের কথা উল্লেখ করে টনি জানিয়েছেন, ‘যেকোনো বিদেশি দলের পাকিস্তান সফর সব সময়ই ঝুঁকিপূর্ণ। আমাদের নিরাপত্তা বিশ্লেষকেরা সব সময়ই পাকিস্তান সফর থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে এসেছেন।’
টনি অবশ্য তাঁর ইমেইলে কার্যকর নিরাপত্তা ব্যবস্থার আশাবাদ ব্যক্ত করেছেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেট দলের এই সফরে পাকিস্তান ক্রিকেট বোর্ড পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা।’
তবে পাকিস্তানের সন্ত্রাসবাদ অনেক সময় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাকেও এলোমেলো করে দিতে পারে বলেই পরের বাক্যেই আশঙ্কা ব্যক্ত করেছেন তিনি।
২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলা সংঘটিত হয়। সেই হামলায় নিহত হন বেশ কয়েকজন। অল্প-বিস্তর আহত হন বেশ কয়েকজন লঙ্কান ক্রিকেটার। এর পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত পাকিস্তান থেকে। নিরাপত্তা হুমকি থাকায় ২০১১ সালের বিশ্বকাপেরও যৌথ আয়োজক হতে পারেনি পাকিস্তান। ছয় বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট না হওয়ায় পাকিস্তানের ক্রিকেটীয় কাঠামোও ভেঙে পড়ার মুখে।
এমন একটা পরিস্থিতিতে জিম্বাবুয়ে হতে যাচ্ছে প্রথম টেস্ট খেলুড়ে দেশ, যারা পাকিস্তান সফর করছে। সংক্ষিপ্ত এই সফরের প্রতিটি খেলাই অনুষ্ঠিত হবে লাহোরে। সূত্র: জি নিউজ।