জিম্বাবুয়ের পাকিস্তান সফর নিয়ে বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভ্রান্তিকর! হাস্যকর!
আর কী-ই বা বলার আছে। প্রথমে খবর এল নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছে জিম্বাবুয়ে। ১৬ মিনিটও গেল না, অবস্থান থেকে পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গেল জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। নতুন এক বিবৃতিতে জিম্বাবুইয়ানরা জানিয়ে দিল সফর বাতিল হয়নি, এখনো আলোচনা চলছে।
কাল রাতে প্রথম বিবৃতিতে জেডসি জানায়, দেশটির সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশনের (এসআরসি) পরামর্শে পাকিস্তান সফর বাতিল করা হয়েছে। এসআরসি এর আগে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছিল।
কিন্তু সফর বাতিলের খবর চাউর হওয়ার খানিক পরই জেডসি প্রত্যাহার করে নেয় প্রথম বিবৃতি। জেডসির মুখপাত্র লাভমোর বান্ডা বার্তা সংস্থা রয়টার্সকে জানান সফর বাতিল হয়নি, ‘এই মুহূর্তে সফর বাতিল করা হয়নি। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ও নির্বাহীদের মধ্যে আলোচনা চলছে।’ আলোচনার ফলাফল কখন জানা যাবে বান্ডা সেটি স্পষ্ট করে বলতে পারেননি। তবে বলেছেন, ‘সিদ্ধান্ত চূড়ান্ত হলেই জানানো হবে।’ এর আগে প্রথম বিবৃতিতে এসআরসির মহাপরিচালক চার্লস নেমাচেনাকে উদ্ধৃত করে জেডসি বলে, ‘আমরা পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়া নিরাপদ হবে না।’
এর আগে জিম্বাবুয়ের অগ্রবর্তী একটি দল পাকিস্তানে গিয়ে নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে। এর পরই দুটি টি-টোয়েন্টি ও তিন ওয়ানডের জন্য ১৬ সদস্যের দলও ঘোষণা করা হয়। কিন্তু এ সপ্তাহেই করাচিতে বাসে হামলা চালিয়ে ইসমাইলিয়া শিয়া সম্প্রদায়ের ৪৩ জনকে জঙ্গিরা হত্যার পর নতুন করে নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়।
জিম্বাবুয়ে শেষ পর্যন্ত যদি আসে, সেটি হবে ২০০৯ সালের পর কোনো টেস্ট খেলুড়ে দেশের প্রথম পাকিস্তান সফর। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর হামলার পর থেকেই কোনো দল পাকিস্তান সফরে আসেনি। এএফপি, রয়টার্স।