জিম্বাবুয়ের বিপক্ষে অনিশ্চিত সৌম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে সৌম্য। ফাইল ছবি
অনুশীলনে সৌম্য। ফাইল ছবি

‘এ’ দলের সঙ্গে ভারতের পর দক্ষিণ আফ্রিকা সফরেও খুব একটা আলো ছড়াননি। তার পরও কোচ চন্ডিকা হাথুরুসিংহে আস্থা রাখতে চান সৌম্য সরকারের ওপর। আন্তর্জাতিক ক্রিকেটে যে দুর্দান্ত ফর্ম! কিন্তু আস্থার প্রতিদান দিতে মাঠে নামাই অনিশ্চিত সৌম্য সরকারের। পাঁজরের চোটে পড়ায় জিম্বাবুয়ে সিরিজে নাও দেখা যেতে পারে তাঁকে।
শরীরের বাম পাঁজরে ব্যথাটা পেয়েছেন গতকাল অনুশীলনের সময়। আজ সকালে অ্যাপোলো হাসপাতালে এমআরআই করিয়ে কোনো সুখবর পাননি সৌম্য। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ‘এমআরআই রিপোর্টে সমস্যা ধরা পড়েছে। তবে সৌম্য একবার একটু ব্যাটিং করে দেখতে চাচ্ছে।’
সেই ব্যাটিংয়ে সমস্যা বোধ না করলে সিরিজটা খেলবেন—এমনই ইচ্ছা সৌম্যর। তবে ব্যাটিংটা তাঁর করার কথা কোচের সামনে। কিন্তু দল সূত্রের খবর, এমআরআই করিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এলেও আজ আর ব্যাট হাতে নেননি সৌম্য। হতে পারে সেটা চিকিৎসকদের পরামর্শ শুনেই। সূত্র জানিয়েছে, চিকিৎ​সকেরা সৌম্যকে জিম্বাবুয়ে সিরিজটা না-খেলারই পরামর্শ দিয়েছেন। তাঁর যে পরীক্ষামূলকভাবে একটু ব্যাটিং করে দেখার ইচ্ছা, সেটাতেও সায় নেই তাদের। কারণ চোটের মাত্রা তখন আরও বেড়ে যেতে পারে। সে ক্ষেত্রে জিম্বাবুয়ে সিরিজ তো বটেই, ঝুঁকিতে পড়ে যাবে সৌম্যর বিপিএলে খেলাও।