জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খুলনায়
অবশেষে সিদ্ধান্তটা পাকাপাকিভাবে হয়ে গেল। আগামী ৩ থেকে ৭ নভেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামেই হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট।
অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে টেস্ট হবে তিনটি। অথচ সূচিতে ঢাকা, চট্টগ্রামের বাইরে টেস্ট দেওয়া হয়নি একটিও। সিলেট স্টেডিয়ামে সংস্কারকাজ হচ্ছে বলে খেলা দেওয়া যাবে না ঠিক আছে, কিন্তু খুলনার একটা টেস্ট না পাওয়াটা বিস্ময়করই ছিল।
খুলনা থেকে আসা বিসিবি পরিচালক শেখ সোহেল এ নিয়ে প্রশ্ন তোলার পর পরশু শেখ আবু নাসের স্টেডিয়াম পরিদর্শন করেছে বিসিবির প্রতিনিধিদল। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই অবশেষে খুলনায় টেস্ট হচ্ছে। কাল বোর্ড সূত্রে জানা গেছে, সিরিজের দ্বিতীয় টেস্টটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে খুলনায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কাল ই-মেইলে জিম্বাবুয়ে ক্রিকেটকেও জানিয়ে দেওয়া হয়েছে।
বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন। টেলিফোনে বলেছেন, ‘আমাদের মনে হয়েছে, চাইলে খুলনায় টেস্ট আয়োজন করা সম্ভব। তবে এটা শুধু বিসিবির একার সিদ্ধান্তে হবে না, জিম্বাবুয়ে ক্রিকেটের মতামত জানাও জরুরি। দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন করলে তাদের কোনো আপত্তি আছে কি না, জিম্বাবুয়ে ক্রিকেটের কাছে সেটাই আমরা জানতে চেয়েছি।’